
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ সরাসরি অস্বীকার করলেন মার্ক জুকারবার্গ। বুধবার ট্রাম্প টুইটারে অভিযোগ করেছিলেন, ফেসবুক নাকি সবসময়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ট্রাম্পের বিরোধিতা করে। জবাবে জুকারবার্গ একটি বিবৃতিতে জানান, ট্রাম্পের এমন মনোভাব সর্বৈব ভুল।
আন্তর্জাতিক রাজনীতিতে নানাপক্ষ নানাসময় ফেসবুকের কিছু কর্মকাণ্ডে রুষ্ট হয়েছে। কিন্ত এতে ফেসবুক উদ্দেশ্যপ্রণোদিত কিংবা পক্ষপাতদুষ্ট হয়ে কিছু করেনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ২০১৬ রাষ্ট্রপতি নির্বাচনে রাশিয়ার গোপন হস্তক্ষেপ নিয়ে বারেবারে অভিযোগ উঠেছে। তাতে ফেসবুকও অজান্তে মদত দিয়েছে বলে কানাঘুষো অভিযোগ শোনা যায় মার্কিন রাজনীতির অন্দরে।
রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসাজশ নিয়ে এখনও তদন্ত চলছে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ধারণা, নির্বাচনের সময় ও তার ঠিক পরে ওই বিজ্ঞাপনগুলোতে অর্থায়ন করেছে রাশিয়ার কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে সাক্ষ্য দিতে আগামী ১ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ইন্টেলিজেন্স কমিটির কাছে হাজির হতে বলা হয়েছে ফেসবুক, টুইটার ও গুগলের প্রতিনিধিদের।
(এম আর / ২৮ সেপ্টেম্বর, ২০১৭)