
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের শীর্ষস্থানীয় রিয়েল এ্স্টেট কোম্পানি শেলটেক (প্রা.) লিমিটেড ৩০ বছরে পদার্পণ করেছে। বিগত ২৯ বছরে ১৬০টিরও বেশি প্রকল্পে গ্রাহকের কাছে প্রায় সাড়ে তিন হাজার অ্যাপার্টমেন্ট হস্তান্তর করেছে সেলটেক। আরও এক হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণাধীন।
শনিবার দুপুরে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজধানীর পশ্চিম পান্থপথের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা এ তথ্য জানান।
সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক তানভীর আহমেদ জানান, শেলটেক শুধু আবাসন নির্মাণেই সীমাবদ্ধ নয়, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রেও সফলতার সঙ্গে পদচারণা শুরু করেছে।
অন্যদিকে দেশ-বিদেশের অতিথিদের আধুনিক আতিথেয়তার জন্য ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে শেলটেক হোল্ডিংস লিমিটেড। এছাড়া শেলটেক অ্যারোস্পিড ইন্টারন্যাশনাল, শেলটেক প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, শেলটেক প্রোটেকশন সার্ভিসেস লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, শেলটেক টেকনোলোজি লিমিটেড, শেলটেক সিরামিকস লিমিটেড ও শেলটেক পাওয়ারস লিমিটেড নামে আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।
বিগত বছরে প্রতিষ্ঠানটির বিভিন্ন সফলতা ও কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রতিষ্ঠানটির আরেক পরিচালক ড. সামিয়া সিরাজ বলেন, শেলটেকের প্রতিটি প্রকল্পই দেশের অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে ব্যতিক্রম। সমাজের মধ্যবৃত্ত শ্রেণির কথা চিন্তা করেই এর প্রতিটি প্রকল্পের মূল্য নির্ধারণ করা হয়। এছাড়া শেলটেকের অ্যাপার্টমেন্ট ক্রয়ে গ্রাহককে সিঙ্গেল ডিজিটেই ব্যাংক ঋণের জন্য সহায়তা করা হয়।
তিনি আরও বলেন, সেলটেকের প্রতিটি প্রকল্পই নীতিমালা অনুসরণ করেই নির্মিত। প্রতিটি প্রকল্পের অ্যাপার্টমেন্ট হস্তান্তরের পর গ্রাহককে সচেতনতার জন্য ফায়ার প্রেজেন্টেশনসহ অন্যান্য নিরাপত্তামূলক বিষয়গুলো বুঝিয়ে দেয়া হয়। অ্যাপার্টমেন্ট খাতের দুর্দিনেও আমরা সময় মতো ফ্ল্যাট হস্তান্তর করেছি।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সেরাজ বলেন, বিগত ২৯ বছরে আমরা যে বিষয়টি বেশি প্রাধান্য দিয়েছি তা হচ্ছে পেশাদারিত্ব। এ কারণেই অ্যাপার্টমেন্ট প্রত্যাশীদের পছন্দের শীর্ষে রয়েছে শেলটেক।
(ইউএম/ ১১ মার্চ ২০১৭)