Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 14:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হয়েছে কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট, ভোট ঠেকানোর চেষ্টা করছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের হামলায় ৩৮ জন আহত হয়েছে। খবর বিবিসির।

রবিবার কাতালোনিয়ার প্রাদেশিক সরকার জানিয়েছে, পুলিশের হামলার শিকার হয়ে ৩৮ জন আহত হয়েছেন। তাদের জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এই ঘটনায় বার্সোলোনা শহরের মেয়র আদা কোলাউ স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়’র পদত্যাগ দাবি করে বলেছেন, ভোটারদের বিরুদ্ধে পুলিশের এই সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে।

স্প্যানিশ সাংবিধানিক আদালতের অবৈধ ঘোষণা করা এই গণভোট থামানোর অঙ্গিকার করেছে সরকার।

সম্ভাব্য ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার চেষ্টা করছে পুলিশ এবং বেশ কিছু ব্যালট পেপার এবং ভোটবক্সও জব্দ করেছে তারা।

তারপরও কাতালোনিয়ার সরকারি কর্মকর্তারা বড় ভোটার সমাগম হবে বলে ধারণা করছেন।

কাতালান শহর জিওরনা বিচ্ছিন্নতাবাদীদের নেতা কার্লেস পুইগডেমন্ট রবিবার একটি কেন্দ্রে ভোট দিতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়৷

টেলিভিশনের ছবিতে দেখা গেছে স্পোর্টস সেন্টারের কাঁচ এবং সদর দরজা ভেঙে ঢুকে পড়ছে পুলিশ। যারা ভোট দিতে আসছেন তাদের বলপ্রয়োগ করে সরিয়ে দেয়া হচ্ছে।

যদিও সংবাদ সংস্থা রয়টার্স বলছে, পুইগডেমন্ট তার ভোট দিতে পেরেছেন। ভোট শুরুর আগেই গভীর রাত থেকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলগুলার ভেতরে অবস্থান নিয়ে ছিলেন বিচ্ছিন্নতার সমর্থকরা।

তাদের মধ্যে অনেকেই ছিলেন স্কুলের শিক্ষার্থী এবং তাদের মা-বাবা। স্কুল ছুটির পর তারা তাঁবু খাটিয়ে সেখানেই অবস্থান নেন।

গণভোটের আয়োজকেরা পুলিশী বাঁধা শান্তিপূর্ণভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।

(এএইচএন/ ০১ অক্টোবর ২০১৭)