Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 21:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং-নাম হত্যার বিচারে দুই নারী নিজেদের নিরপরাধ দাবি করেছেন। মালয়েশিয়ায় এই মামলার বিচার শুরু হয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং-নাম মারা যান। তাঁকে বিষাক্ত রাসায়নিক (ভিএক্স নার্ভ এজেন্ট) প্রয়োগে হত্যা করা হয়।

ভিয়েতনামের দোয়ান থি হুয়ং ও ইন্দোনেশিয়ার সাইতি আয়েশা নামের নামের দুই নারী কিম জং-নামের মুখমণ্ডলে প্রাণঘাতী রাসায়নিক উপাদান মাখিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

দুই নারীর দাবি, নিছক টেলিভিশনের একটা কৌতুক অনুষ্ঠানের অংশ হিসেবে তাঁরা ওই কাজ করেছিলেন।

কিম জং-নামকে হত্যার পেছনে উত্তর কোরীয় এজেন্টদের হাত রয়েছে বলে সন্দেহ করা হয়।

উত্তর কোরিয়ার দাবি, কিম জং-নাম হত্যায় পিয়ংইয়ংয়ের কোনো হাত নেই।

মালয়েশিয়ার একটি আদালতে আজ সোমবার সকালে দুই নারীকে তোলা হয়। এ সময় তাঁদের মাথা নত করে রাখতে দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই নারী দোভাষীর মাধ্যমে আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।

অপরাধ প্রমাণিত হলে দুই নারীর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

কিম জং-নাম হত্যার কয়েক দিনের মাথায় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার দুই নারীকে গ্রেপ্তার করে মালয়েশীয় পুলিশ।

আসামিদের আইনজীবী বলেছেন, আদালতে শুনানিতে তাঁরা এই যুক্তি দেবেন যে, কিম জং-নাম হত্যার মূল হোতারা মালয়েশিয়া থেকে পালিয়ে গেছেন।

কিম জং-নাম হত্যায় জড়িত সন্দেহভাজন একাধিক উত্তর কোরীয় নাগরিকের নাম জানিয়েছে মালয়েশিয়া। কিম জং-নাম হত্যার পরপরই তাঁরা মালয়েশিয়া থেকে পালিয়ে যান।

কিম জং-নাম হত্যাকাণ্ড নিয়ে উত্তর কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এই রহস্যময় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি ওঠে।

(দীপ্ত/ ০২ অক্টোবর ২০১৭)