
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজ সোমবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি। এখন বিধি অনুযায়ী আইন মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপের জন্য রাষ্ট্রপতির কাছে বিষয়টি উপস্থাপন করবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি আগামীকাল (মঙ্গলবার) থেকে আদালতে বসছেন না।
এসময়ে প্রধান বিচারপতির দায়িত্ব কে পালন করবেন প্রশ্ন করা হলে তিনি আরো বলেন, নিয়মানুযায়ী, পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি ওয়াহহাব মিয়া দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি দেশের বাইরে ছুটিতে ছিলেন। ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।
এদিকে, সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৪৮টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি, বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের কারণে দীর্ঘ ৩৯ দিন পর আগামীকাল (মঙ্গলবার) ৩ অক্টোবর থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে। কাল থেকে এসব বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হবে। ৪৮টি বেঞ্চের মধ্যে ১৪ টি রিট বেঞ্চ, ২৩টি ফৌজদারী সংক্রান্ত বেঞ্চ এবং ১১টি দেওয়ানি সংক্রান্ত বেঞ্চ রয়েছে।
গেলো ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিস্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। প্রধান বিচারপতি সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন।
সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিষ্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ জানান, দীর্ঘ অবকাশ ও বন্ধ শেষে কাল সুপ্রিমকোর্ট খুলছে। রেওয়াজ অনুযায়ী কাল সকালে সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে বার ও বেঞ্চের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সুপ্রিমকোর্ট বার-এর সদস্যরা এবং সুপ্রিমকোর্টের বিচারপতিগণ উপস্থিত হবেন। এ বিষয়ে সুপ্রিমকোর্টে প্রাঙ্গনে প্যান্ডেল তৈরীসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
(এমআইআর/ ০২অক্টোবর ২০১৭)