
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: হোল্ডিং ট্যাক্স ‘না বাড়াতে’ অনুরোধ জানিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দিনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
গতকাল সোমবার রাতে নগরীর চশমা হিলে নগর কমিটির সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় নগর আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই ‘জরুরি সভায়’ নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন না।
মেয়রের পাশাপাশি নগরীর গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকট, বেহাল সড়ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে যথাক্রমে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল), পিডিবি, ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং নগর পুলিশের কমিশনারকেও চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়েছে ওই সভায়।
হোল্ডিং ট্যাক্সের পুরনো হাল বহালের দাবি জানিয়ে ‘করদাতা সুরক্ষা পরিষদের’ সমাবেশ থেকে মেয়রকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়ার তিন দিনের মাথায় নগর আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নিল।
এই সিদ্ধান্ত নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদেকর পুরনো বিরোধ আবার উস্কে দেয় কি না তাই নিয়ে কৌতুহল রাজনৈতিক অঙ্গনে।
এছাড়া সোমবার রাতের সভায় উপস্থিত ছিলেন নগর কমিটির সহ-সভাপতি সুনীল সরকার, খোরশেদ আলম সুজন ও জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও নোমান আল মাহমুদ, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের ও আবু তাহের ও উপ-দপ্তর সম্পাদক জহর লাল হাজারী।
সোমবার রাতের সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, আমরা এই সমাজেই বাস করি। সমাজের মানুষের বাইরে আমরা নই। রাজনীতি করি বলেই আমরা নিশ্চুপ থাকতে পারি না।
“যেহেতু মেয়র দলের তাই রিভিউ করতে অনুরোধ করতে পারি। এতে জনগণও দলের অবস্থান জানতে পারবে।”
সভার সিদ্ধান্ত অনুসারে- বাস্তবায়নাধীন প্রকল্প দ্রুত শেষ করতে এবং সড়ক সংস্কার দ্রুত শেষ করতে সিডিএকে, অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে আবাসিক গ্রাহকদের ভোগান্তি ও বিদ্যুৎ উৎপাদনে ব্যঘাতের বিষয় উল্লেখ করে কেজিডিসিএলকে, পানির অপ্রতুলতা নিরসনে ওয়াসাকে, ঘনঘন লোডশেডিং ও লো ভোল্টেজ বন্ধে পিডিবিকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাদক নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হবে।
(এসআই/ এএইচএন/ ০৩ অক্টোবর ২০১৭)