
বিনিয়োগবার্তা ডেস্ক: কাতালুনিয়া প্রদেশ যদি সত্যি সত্যি স্বাধীন হয়ে যায়, তাহলে বার্সেলোনাকে লা লিগা ছেড়ে দিতে হবে এমনিতেই। গণভোটে যে রায় মিলেছে, তার ভিত্তিতে এ ব্যাপারে ভাবনা-চিন্তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ক্লাবটি। এর সত্যতা স্বীকার করেছেন খোদ বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউ। বললেন, জন্মভূমির স্বাধীনতার কথা মাথায় রেখে বিকল্প চিন্তা করছে স্প্যানিশ লিগের জনপ্রিয় এ ক্লাব।
বার্তোমিউ বলেন, স্পেন থেকে যদি কাতালোনিয়া স্বাধীনতা অর্জন করে তাহলে বার্সাকে লা লিগা ছেড়ে দেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে হবে।
স্পেন থেকে আলাদা হতে গণভোটে স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন কাতালোনিয়ার জনগণ। তবে রাজ্যটির স্বাধীনতা কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না দেশটির কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে গণভোটকে অবৈধ বলে ঘোষণা করেছে স্পেন সরকার।
তবু বার্সা সভাপতি বলছেন, কোনোভাবে কাতালোনিয়া স্বাধীনতা অর্জন করলে লা লিগায় নিজেদের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে হবে বার্সাকে।
অবশ্য বার্তোমিউ আশাবাদী, এ সংকট বেশিদিন থাকবে না। শিগগিরই তার সুরাহা হয়ে যাবে।
তারপরও কোনো কিন্তু বলে কিছু রেখে দিচ্ছেন কাতালান ক্লাব সভাপতি। তিনি বলেন, শ্রদ্ধার সঙ্গেই বলতে হচ্ছে, ভবিষ্যতে কিছু ঘটলে পরিচালনা পর্ষদ আলোচনা করে লা লিগায় ক্লাবের থাকা না থাকা নিয়ে আলোচনা করবে।
তিনি বলেন, আমরা যদি তা নিয়ে আলোচনা করি তাহলে অবশ্যই একটি অনিন্দ্যসুন্দর সমাধানের পথ খুঁজে পাব।পরিচালনা পর্ষদই বিষয়টি দেখবে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ও জমজমাট ফুটবল লিগ লা লিগা। এতে এখন পর্যন্ত ২৪বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। আর সর্বাধিক ৩৩বার চ্যাম্পিয়ন হয়েছে চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
(এমআইআর/ ০৩অক্টোবর ২০১৭)