
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, খুলনা: খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুবিলী জুট মিলে ৭ সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে উৎপাদন বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিলের ক্ষুব্ধ শ্রমিকরা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ করে। এটি বাংলাদেশ পাটকল কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান।
মিলের শ্রমিক মিজানুর রহমান জানান, শ্রমিকরা মজুরি না পেয়ে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। বকেয়া মজুরির দাবিতে তারা উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে।
আরেক শ্রমিক মো. নুর ইসলাম জানান, মিল শ্রমিকদের ৭ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। বকেয়া মজুরি প্রদানে গড়িমসি করা হচ্ছে। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তৎপর হচ্ছে না।
প্লাটিনাম জুবিলী জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সেলিম আকন্দ জানান, বকেয়া মজুরি না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে। তিনি জানান, মিলটিতে প্রায় স্থায়ী ও অস্থায়ী ৫ হাজার শ্রমিক কর্মরত আছেন।
প্লাটিনাম জুবিলী জুট মিলের জেনারেল ম্যানেজার শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসেছেন। তিনি এ ব্যাপারে আপাতত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
(দীপ্ত/ ০৪ অক্টোবর ২০১৭)