Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 05:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশে ৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ।রাষ্ট্রপক্ষের চার সপ্তাহের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ২০ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই বিষয়ে শুনানির জন্য আজকের দিন ঠিক করেছিলেন।

এর আগে এ বিষয়ে ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দুই দফা বৈঠকও করেছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

ওই বৈঠক শেষে আইনমন্ত্রী বলেছিলেন, অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ এক সপ্তাহের মধ্যেই হবে। কিন্তু বিচারকদের চাকরিবিধি প্রকাশে এ নিয়ে কয়েক দফা সময় নিল সরকার।

২০১৬ সালের ১১ ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে এক নোটিশে জানানো হয়, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের প্রয়োজন নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন। ২০১৬ সালের ১ ডিসেম্বর আপিল বিভাগ গেজেট প্রকাশ করতে রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহ সময় দেন।

পরে আবেদন শুনানি নিয়ে বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট প্রকাশে সরকারকে সর্বশেষ আরও দুই সপ্তাহ (৮ মে পর্যন্ত) সময় দেন আপিল বিভাগ। সর্বশেষ সময় বেঁধে দেয়ার পরেও গেজেট প্রকাশে দফায় দফায় সময় দেয়া হয় রাষ্ট্রপক্ষকে।

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ২০১৬ সালের ১২ ডিসেম্বর তলবও করেছিলেন আপিল বিভাগ।

(এমআইআর/ ০৮ অক্টোবর ২০১৭)