Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 18:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে’র অনুষ্ঠানে হারিয়ে ফেলা সাইকেলের বদলে নতুন একটি সাইকেল পেয়েছেন সাংবাদিক ও পরিবেশকর্মী সুমন শামস।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)নগর ভবনে শামসের হাতে নতুন সাইকেলটি তুলে দেয় অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর শামসের সাইকেলটিতে চড়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত’ দিবসের র‌্যালির উদ্বোধন করেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পরপরই হারিয়ে যায় শামসের সাইকেল।

সাইকেল ফিরে পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুমন শামস বলেন, ‘আমি সাইকেল পেলাম, কিন্তু আমার সাইকেলটি কে চুরি করেছেন, তার সন্ধান পেলাম না। একইসঙ্গে যারা ওই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তাদের উদ্দেশে বলতে চাই, নতুন সাইকেল দিয়ে আপনারা হয়তো আমার একটা ক্ষতিপূরণ দিলেন। তবে এটা কিন্তু আমার সাইকেল না। চোর ধরা না পড়লে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানে অন্য কারও ক্ষেত্রে আমার মতো ঘটনা ঘটার আশঙ্কা থাকবে।’

গুলিস্তানের নগর ভবনে দুপুর সাড়ে ৩টার দিকে সুমন শামসের হাতে নতুন সাইকেল তুলে দেন বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের আয়োজক ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ আহমদ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন এই সংস্থাটির নির্বাহী পরিচালক একাধিক গণমাধ্যমকে বলেন, ‘এর মাধ্যমে আমরা শামসকে একটা ক্ষতিপূরণ দিলাম মাত্র। তার সাইকেলটি তো ফেরত দিতে পারলাম না। এ ধরনের আয়োজনে এমন বিষয় নিয়ে সতর্ক হতে না পারলে ভবিষ্যতে আরও সমস্যায় পড়তে হতে পারে।’

সৈয়দ আহমদ আরও বলেন, ‘প্রকৃতপক্ষে, সমাজ পরিবর্তন না হওয়া পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু করা যাবে না। আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। পুরো বিষয়টিই ছিল আমাদের জন্য বিব্রতকর। আমরাও ভবিষ্যতে বিষয়টি নিয়ে সতর্ক থাকবো।’

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিতে সাইকেল নিয়ে এসেছিলেন সুমন শামস। র‌্যালিতে তার অংশ নেওয়া হয়নি। কারণ, তার সাইকেলটিতে চড়েই র‌্যালির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাইকেলটি আর ফিরে পাননি সুমন শামস।

এরপর ২৮ সেপ্টেম্বর হারানো সাইকেল ফেরত পাওয়ার আশায় শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন শামস। জিডি নং-২০২০। পরে বিষয়টি জানাজানি হলে আয়োজক কর্তৃপক্ষ জানায়, সাইকেলটি ফেরত না পাওয়ায় একইরকম একটি সাইকেল শামসকে দেওয়া হবে। এই সাইকেলটি মূলত তিনি তার স্ত্রী থিয়েটারকর্মী শারমিন আক্তার শর্মীকে কিনে দিয়েছিলেন।

(এসএএম/ ০৯ অক্টোবর ২০১৭)