Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 23:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নে শ্রমিক, মালিক ও সরকার পক্ষের প্রতিনিধির সমন্বয়ে পরামর্শ পরিষদ গঠন করেছে সরকার।

২০ সদস্যের আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করে আদেশ জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১২ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

এ পরিষদের সভাপতি হচ্ছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের উপসচিবকে (শ্রম) সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে সরকার পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব এবং বাণিজ্য, স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট, পররাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ন্যূনতম যুগ্মসচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি।
এছাড়া পরিষদে মালিক পক্ষের বিভিন্ন সংগঠনের ৬ জন এবং শ্রমিকপক্ষের বিভিন্ন সংগঠনের ৬ জন সদস্য হিসেবে থাকবেন।
পরিষদ গঠনের আদেশে বলা হয়েছে, নবগঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ দেশের বিদ্যমান সম্পদ এবং সার্বিক আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে গার্মেন্টস শিল্পে মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণে সরকারকে পরামর্শ দেবে।
এছাড়া এ পরিষদ গার্মেন্টস শিল্প সেক্টরের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা করে সরকারকে অবহিত করবে এবং গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রম সংশ্লিষ্ট আইন, বিধি, নীতি ও পরিকল্পনা বিষয়ে সরকারকে সহায়তা ও পরামর্শ দেবে।
ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ বছরে কমপক্ষে তিনবার সভায় বসবে জানিয়ে আদেশে বলা হয়, ‘তবে সভাপতি প্রয়োজনবোধ করলে যে কোনো সময় সভা আহ্বান করতে পারবেন।’
সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ বহাল থাকবে। ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য শ্রম মন্ত্রণালয়ের আইন ও শ্রম অধিশাখা সাচিবিক সহায়তা দেবে।

 

(ইউএম/এসএএম/ ১২ মার্চ ২০১৭)