
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আজ ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।সাদাছড়ি বহনকারী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা বাড়ানোই এই দিবসের লক্ষ্য।
‘সাদাছড়ি নিশ্চিত ব্যবহার, এই দিবসের অঙ্গিকার’ এই আহবানে একীভূত সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশের ৪০ লাখ দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠিকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার প্রয়াসে এই দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে সামাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বেতার ভবনের সামনে থেকে শোভাযাত্রা ও বেলা ১১টায় সামাজসেবা অধিদপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা সচেতনামূলক অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
মূলত সাদাছড়ি হচ্ছে একটি লাঠি, যেটা দৃষ্টিপ্রতিবন্ধীদের (অন্ধ) নিরাপত্তার প্রতীক। কারণ, এটি প্রয়োজনীয় চলাচল গাইড, সহায়ক ও নিরাপত্তা উপকরণ হিসেবে বিশ্বব্যাপী ব্যবহূত হয়। দৃষ্টিপ্রতিবন্ধীরা স্বাধীনভাবে চলাফেরা করার জন্য প্রায় ১০০ বছর ধরে এই সাদাছড়ি ব্যবহার করে আসছে।
সাদাছড়ি কেউ ব্যবহার করলে অন্য মানুষ সহজেই বুঝতে পারে, সে দৃষ্টিপ্রতিবন্ধী। তখন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে রাস্তা পারাপারের সময় সহযোগিতার জন্য সর্বস্তরের মানুষ স্বউদ্যোগে এগিয়ে আসে। শুধু তাই নয়, সাদাছড়ি ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের একা চলাফেরা করা দুঃসাধ্য ব্যাপার।
সাদাছড়ি ব্যবহার করলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগী হিসেবে আরেকজন লোকের প্রয়োজন হয় না। এতে একজন সহযোগী ব্যক্তির শ্রম, সময়, অর্থ বাঁচে।
১৯৫৯ সালের ৪ অক্টোবর আন্তর্জাতিক অন্ধ সংস্থার উদ্যোগে প্রথম বিশ্ব অন্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় তৎকালীন সিংহলে (বর্তমান শ্রীলংকা)। এই সম্মেলনে ১৫ অক্টোবরকে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস হিসেবে আখ্যায়িত করা হয়।
(এম আর / ১৫ অক্টোবর, ২০১৭)