Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 20:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামীতে করপোরেট ঋণ কমিয়ে এসএমই ঋণের পরিমাণ বাড়াতে চায় বেসরকারি ব্যাংক প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খোন্দকার ফজলে রশিদ এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইকবাল টাওয়ারে ব্যাংকটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে খোন্দকার ফজলে রশিদ বলেন, ‘দেশের ব্যাংকিং খাতের বড় সমস্যা খেলাপি ঋণ। বিষয়টিকে সামনে রেখে পরিচালন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। তাই করপোরেট ঋণ থেকে বেরিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে ঋণ (এসএমই) এবং রিটেইল বা ছোট ঋণ ব্যবস্থার দিকে নজর দিচ্ছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তি বিভাগের মহাব্যবস্থাপক মো. আবুল বশর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও ব্যাংকের পরিচালক বি এইচ হারুন, আব্দুস সালাম মুর্শেদী, সাবেক ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, জামাল জি. আহমদ, উপদেষ্টা মোহাম্মদ আলী প্রমুখ।

সংবাদ সম্মেলনে খোন্দকার ফজলে রশিদ বলেন, ‘দ্রুতই প্রত্যন্ত অঞ্চলে ১০০টি এজেন্ট ব্যাংকিং বুথ স্থাপন করতে যাচ্ছি। বর্তমানে ব্যাংকের সাড়ে ৩ লাখ গ্রাহক রয়েছে। চলতি বছরের মধ্যেই ৫ লাখ গ্রাহকে উন্নীত করা হবে।’

ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল বলেন, ‘ব্যতিক্রমী কাজের মাধ্যমে ব্যাংকটিকে এগিয়ে নিতে চাই। সেজন্য নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি। ৩৭ জন কর্মকর্তা নিয়ে ব্যাংক শুরু করেছিলাম। এখন আমাদের ১০২টি শাখা এবং প্রায় ১ হাজার ৭০০ কর্মকর্তা রয়েছেন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের প্রথম ৯ মাসে মুনাফায় প্রবৃদ্ধি ৫৫ শতাংশ, আমানতে প্রবৃদ্ধি ৯ শতাংশ, ঋণে প্রবৃদ্ধি ১৯ শতাংশ, আমদানিতে প্রবৃদ্ধি ১৭ শতাংশ, রফতানিতে প্রবৃদ্ধি ৪০ শতাংশ এবং রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৩ শতাংশ। অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

(এএইচএন / ২৬ অক্টোবর ২০১৭)