Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কলকারখানা ও প্রতিষ্ঠানে ‘শোভন’ কর্মপরিবেশ নিশ্চিত করলে স্বীকৃতি হিসেবে ‘কমপ্লায়েন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেবে সরকার।

 

সচিবালয়ে গতকাল রোববার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সভাপতিত্বে জাতীয় শিল্প, স্বাস্থ্য ও সেইফটি কাউন্সিলের তৃতীয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপনের দিন প্রথমবারের মতো একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হবে।

সভায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, “সরকার ২০১৬ সাল থেকে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন করছে। কলকারখানার শোভন কর্মপরিবেশ নিশ্চিতে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিশ্বের ১০টি গ্রিন ফ্যাক্টরির সাতটিই বাংলাদেশের, এ অর্জন আমাদের গর্বের।”

সাভারের রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন শ্রম প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “এত অল্প সময়ের মধ্যে কারখানাগুলোতে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করে বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, প্রতিদিনই নতুন নতুন কমপ্লায়েন্স কারখানা গড়ে উঠছে।”

শ্রম আইন অনুযায়ী ২০১৪ সালের ১৫ ডিসেম্বর জাতীয় শিল্প, স্বাস্থ্য ও সেইফটি কাউন্সিল গঠন করে সরকার। পদাধিকার বলে শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী এই কাউন্সিলের চেয়ারম্যান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ২৯ সদস্যের এই কাউন্সিলের সদস্য সচিব।

সভায় কাউন্সিলের খসড়া কার্যবিধি উপস্থাপন করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ডিসেম্বরে পরবর্তী সভায় প্রস্তাবিত কার্যবিধি চূড়ান্ত করা হবে।

শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শামসুজ্জামান ভূইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদসহ বিজিএমইএ, বিকেএমইএর প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

 

(এএইচএন/ ৩০ অক্টোবর, ২০১৭)