
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফ্রান্সে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছে ফ্রান্স আওয়ামী লীগ।
স্থানীয় সময় রোববার বিকালে শিক্ষামন্ত্রী ইউনেস্কোর সাধারণ অধিবেশনে অংশ নিতে যাওয়ার উদ্দেশ্যে প্যারিসে পৌঁছলে হোটেল লবিতে ফ্রান্স আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তাকে এ অভ্যর্থনা জানায়।
এছাড়া ফ্রান্সে নবনিযুক্ত রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনকেও ফুলেল শুভেচ্ছা জানায় ফ্রান্স আওয়ামী লীগ।
এ সময় শিক্ষামন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা বিদেশে বাংলাদেশের এক একজন প্রতিনিধি। আপনাদের ইতিবাচক কার্যক্রম বহির্বিশ্বে বাংলাদেশের স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলতে সহায়তা করবে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।”
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম। তিনি দলের চলমান কর্মসূচি তুলে ধরেন ও বৈশ্বিক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি ফ্রান্স পার্লামেন্টের বিভিন্ন সদস্যের কাছে তুলে ধরার কথা বলেন।
প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদ বার তাহের, সামাজিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, সহ সভাপতি শাহজাহান শাহী, সালেহ আহমেদ চৌধুরী ও বাবু অবনী চন্দ্র।
এছাড়া আরও ছিলেন উপদেষ্টা আব্দুল হালিম আকাশ, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সেলিম উদ্দিন, খালেকুজ্জামান, প্রচার সম্পাদক আমিন খান হাজারী, ধর্ম সম্পাদক সালেহ আহমেদ, সিনিয়র সদস্য আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন আহমেদ, সুমন আহমেদ ও মেহেদী হাসান।
স্থানীয় সময় সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ৩৯তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা শিক্ষামন্ত্রীর। এছাড়া ৩১ অক্টোবর লিডার্স ফোরামে জেনারেল পলিসি ডিবেটে অংশ নেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রী ই-নাইন মন্ত্রী পর্যায়ের সভায় সভাপতিত্ব করবেন।
সাধারণ অধিবেশন অংশ নেওয়ার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে এসডিজি-৪ বাস্তবায়নে উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা নুরুল ইসলাম নাহিদের। এছাড়া এসডিজি সংক্রান্ত অন্যান্য সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
শিক্ষামন্ত্রী নয় সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো.সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো.মঞ্জুর হোসেন রয়েছেন।
(এএইচএন/ ৩০ অক্টোবর, ২০১৭)