
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: খুলনা বিভাগের ১০ জেলার ১৬টি স্থানে একযোগে আয়কর মেলা শুরু আগামীকাল ১ নভেম্বর বুধবার থেকে। গত বছরের মতো এবারও খুলনা মহানগরীর বয়রা এলাকার কর ভবন প্রাঙ্গণে আয়কর মেলার আয়োজন করা হয়েছে।
খুলনার কর অঞ্চলের দেওয়া তথ্য মতে, বিভাগটির ১০ জেলা নিয়ে কর অঞ্চল খুলনা গঠিত। এর মধ্যে ২২টি কর সার্কেলে বর্তমানে করদাতা রয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৮৪৪ জন।
আগামী ২ থেকে ৫ নভেম্বর যশোর পৌর কমিউনিটি সেন্টার, বাগেরহাট অফিসার্স ক্লাব, চুয়াডাঙ্গা অ্যাসোসিয়েশন হল (সাহিত্য পরিষদ), ঝিনাইদহ পৌরসভা চত্বর, কুষ্টিয়া পৌরসভা চত্বরে আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
আগামী ৪ থেকে ৭ নভেম্বর সাতক্ষীরা শিল্পকলা একাডেমি, মেহেরপুর পৌরসভা টাউন হল, নড়াইল উপজেলা পরিষদ, মাগুরা সাহাপাড়া আয়কর অফিসে কর মেলা অনুষ্ঠিত হবে।
আগামী ৫ থেকে ৬ নভেম্বর ঝিকরগাছা ও নওয়াপাড়া, ৬ থেকে ৭ নভেম্বর ঝিনাইদহ কালীগঞ্জ, কুষ্টিয়া ভেড়ামারা, বাগেরহাট মংলা ও সাতক্ষীরা কালীগঞ্জে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
ধারাবাহিক সফলতা বজায় রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি খুলনা কর অঞ্চলের নিজস্ব উদ্যোগে করদাতাদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান খুলনা কর আপীল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়।
তিনি জানান, মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন পূরণ ও দাখিলে সহযোগিতা করা হবে। এছাড়া অনলাইনে রিটার্ন দাখিল, হেল্প ডেস্ক, সোনালী ও জনতা ব্যাংকের বুথের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক কাউন্টারের সুবিধা থাকবে। মেলায় দর্শনার্থীদের হেল্প ডেস্কের মাধ্যমে রিটার্ন দাখিলে সহায়তা করা হবে।
২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ এবং ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করা হবে। একই সঙ্গে ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন।
সপ্তাহব্যাপী মেলা শেষে ৮ নভেম্বর সর্বোচ্চ আয়কারদাতাদের সম্মাননা প্রদান করা হবে।
খুলনা কর অঞ্চল ২০১৬-২০১৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। একই সাথে গত ছয় অর্থবছরের ব্যবধানে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি বেড়েছে ২৫ দশমিক ৫২ শতাংশ।
২০১৫-২০১৬ অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ছিল ২৩ দশমিক ৬০ শতাংশ। সর্বশেষ ২০১৬-২০১৭ অর্থবছরে এ হার ছিল ৩২ দশমিক ৩২ শতাংশ।
(এমআর/এসএএম/ ৩১ অক্টোবর ২০১৭)