Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 23:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সৌদি আরবে একটি দুর্নীতি বিরোধী সংস্থা দেশটির ১১ জন প্রিন্সকে আটক করেছে। এসময় আরো চারজন বর্তমান এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকেও আটক করা হয়েছে। খবর বিবিসির।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নতুন একটি দুর্নীতি বিরোধী কমিটি গঠন করার কয়েক ঘণ্টা পর এই আটকের ঘটনা ঘটলো। এ ঘটনায় আটককৃতদের নাম প্রকাশ করা হয়নি।

তবে কি অভিযোগে ওই প্রিন্সদের আটক করা হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়।
যদিও সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল-আরাবিয়া বলছে, ২০০৯ সালে জেদ্দায় বন্যা এবং ২০১২ সালে দেশটিতে মার্স ভাইরাস সংক্রমণের ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি(এসপিএ) জানিয়েছে, নতুন এই দুর্নীতি বিরোধী কমিটিকে গ্রেপ্তারি পরোয়ানা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা দেয়া হয়েছে।

এদিকে দেশটির শীর্ষ কয়েকজন কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। এসপিএ বলছে, ন্যাশনাল গার্ড মন্ত্রী প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহ এবং নেভি কমান্ডার অ্যাডমিরাল আব্দুল্লাহ বিন সুলতান বিন মোহাম্মেদ আল-সুলতানকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে কেন তাদের অপসারণ করা হয়েছে সেটি জানানো হয়নি।

প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ’র ছেলে প্রিন্স মিতেবকে এক সময় সৌদি সিংহাসনের উত্তরাধিকার হিসেবে বিবেচনা করা হতো। সৌদি সরকারে বাদশাহ আব্দুল্লাহ পরিবারের মধ্যে তিনিই শীর্ষ কোনো পদে আসীন ছিলেন।
বিশ্লেষকরা ধারণা করছেন প্রিন্স মোহাম্মদ নিজের ক্ষমতাকে আরো সুসংহত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন।

(এমআইআর/ ০৫ নভেম্বর ২০১৭)