
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নারী ও শিশুসহ দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প খরচে সেবা দিতে আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস প্রজেক্টের ব্যবস্থাপনায় নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো চলে। কেন্দ্রগুলো পরিচালনা করছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার।
মতিঝিল এজিবি কলোনির নগর স্বাস্থ্যকেন্দ্র-৫ এ বেশ কয়েকজন রোগীর অনেকেই কেন্দ্রের সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কিন্ত স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান নিয়ে তাঁদের মধ্যে অসন্তষ্টি দেখা যায়।
এজিবি কলোনির বায়তুল মামুর জামে মসজিদ মার্কেটের তৃতীয় তলার ৪টি ও চতুর্থ তলার ৩টি দোকানঘর ভাড়া নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি চলছে।
স্বাস্থ্যকেন্দ্রটি তৃতীয় ও চতুর্থ তলায় হওয়ায় অন্তঃসত্ত্বা নারীদের বেশ ভোগান্তি পোহাতে হয়। অন্তঃসত্ত্বা এক নারী বলেন, ‘প্রতিবার ডাক্তার দেখাইতে এসে হাঁপিয়ে যাই। নারী ও শিশুদের সেবাকেন্দ্র নিচতলায় হওয়া উচিত।’
বেশ কয়েকজন রোগী বলেন, মার্কেটের ভিতরে স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান হওয়ায় অন্তঃসত্ত্বা নারীরা বেশ অস্বস্তিতে ভোগেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের জায়গার সংকটতো আছেই।
এ বিষয়ে পার্টনারশিপ এলাকা-৪ এর প্রকল্প ব্যবস্থাপক বলেন, পরিবেশ ভালো নয়। তবে আশপাশে স্টাফ কোয়ার্টার থাকায় কেন্দ্র পরিবর্তনের জায়গা পাওয়া যাচ্ছে না। তারপরও ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে পরামর্শ করে পরিবর্তনের প্রক্রিয়া চলছে।
কেন্দ্রের সুপারভাইজার বলেন, এই কেন্দ্রের আশপাশে কয়েকটি সরকারি কলোনি। এখানে উল্লেখযোগ্যসংখ্যক গৃহকর্মী থাকেন। কোনো অসুবিধা হলেই তাঁরা সেবা নিতে এখানে চলে আসেন।জানা যায়, এই কেন্দ্রে লাল কার্ডধারী ৯১৫ জনকে বিনা মূল্যে সেবা ও ওষুধ দেওয়া হয়।
স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে রোগী আসার সংখ্যা বেড়ে গেছে। সবচেয়ে বেশি আসছে শিশুরা।
এই কেন্দ্রে নারী ও শিশুরা বেশি সেবা নিলেও কিশোর-কিশোরীরাও নানান সমস্যা নিয়ে আসে।
(এম আর / ০৬ নভেম্বর, ২০১৭)