Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 21:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জয়পুরহাটে সাম্প্রতিককালের বন্যা ও অতিবৃষ্টির কারণে ধান, সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি পুষিয়ে নিতে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে এসব সবজির আমদানি শুরু হয়েছে এবং দাম বেশি পাওয়ায় কৃষকরা খুশি বলে জানান।

স্থানিয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, চলতি খরিপ-১, ২০১৭-১৮ ফসল চাষ মৌসুমের আওতায় জেলায় সবজি চাষের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে শাক সবজি ৬ হাজার ৪০ হেক্টর, ইতোমধ্যে অর্জিত হয়েছে ২ হাজার ২৬৫ হেক্টর। এ ছাড়াও বেগুন ৬৮৭ হেক্টর, অর্জিত হয়েছে ২ হাজার ২৬৫ হেক্টর, মরিচ ৪৩২ হেক্টর, তিল ১০৫ হে:, বরবটি ১০ হে:, ঝিংগা ৮০ হে:, কাকরোল ৪০ হে:, চিচিংগা ৫৫ হে:, চাল কুমড়া ১৭৫ হে:, কুমড়া ৩৮০ হে:, ডাটা ২৪০ হে:, পুঁইশাক ২২৫ হে:, লাল শাক ২৮০ হে:, কলমী শাক ৮৫ হে:, শষা ২৬৫ হে:, ফুলকপি ১৬ হেক্টর, বাধাকপি ১২ হেক্টর, মূলা ৪০ হেক্টর, শিম ১১৫ হেক্টর, পেঁয়াজ ২০ হেক্টর এবং পেঁপে ১৪৫ হে: জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধার্য়করা হয়েছে।

লতিরাজ কচু চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে ১ হাজার ৭শ ৭৫ হেক্টর জমি। সব মিলে এবার সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৪০ মে.টন। যা জেলার সবজি চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হবে। জেলায় এবার বন্যা ও অতিবৃষ্টির কারণে ধান এবং আগাম জাতের শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়। কৃষকরা সেই ক্ষতি পুশিয়ে নিতে নতুন করে সবজি চাষে ঝাপিয়ে পড়ে।

কিছু কিছু আগাম জাতের সবজি বাজারে আসতে শুরু করেছে। দাম বেশী পাওয়ায় কৃষকরা খুশি। জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম এবার দেড় বিঘা জমিতে বেগুন চাষ করেছেন। বাজার মূল্য ভাল পাওয়ায় তিনি খুশি বলে জানান। একই গ্রামের কৃষক নুর আলম বলেন, ১ বিঘা জমিতে মূলা চাষ করে ভাল ফলন পেয়েছি। পূর্ব পারুলিয়া গ্রামের এন্তাজ আলী জানান, নিজের দেড় বিঘা জমিসহ ওই এলাকায় প্রায় ৩০ বিঘা জমিতে এবার ফুলকপি ও বাধাকপির চাষ হয়েছে।

পারুলিয়া গ্রামটি সদরের সবজিগ্রাম নামে পরিচিত। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম বলেন, সদর উপজেলায় এক হাজার হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও প্রায় ১২শ হেক্টর জমি ছাড়িয়ে গেছে ইতোমধ্যে।

(এম আর / ০৬ নভেম্বর, ২০১৭)