
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশের তারিখ আবারও পেছানো হয়েছে। আজ মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন তারিখ ঘোষণা করেন। আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার নতুন তারিখ ঘোষণা করেন তিনি।
এর আগে ৮ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি।প্রশাসনের অনুমতি না পাওয়ায় সোমবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, ১১ নভেম্বর এই সমাবেশ করা হবে। তবে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে ফের সেই তারিখ পরিবর্তন করে ১২ নভেম্বর ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব, সরকার সমাবেশ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি প্রতিবছরই বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায়, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে। কিন্তু সরকার এবার সিপিএ (কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন) সম্মেলনের অজুহাত দেখিয়ে আমাদের সেখানে দোয়া ও মিলাদ মাহফিল করতে দেয়নি।
সরকার গণতান্ত্রিক কর্মসূচি ও নাগরিক অধিকারে যেভাবে বাধা দিয়ে আসছে, তারই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের সমাধিতে বিএনপিকে শ্রদ্ধা জানানো ও মিলাদ মাহফিল আয়োজন করতে দেয়নি বলে আমরা মনে করি।’
(এমআইআর/ ০৭ নভেম্বর ২০১৭)