Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 23:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামীকাল শুরু হচ্ছে ২দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো-২০১৭।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সপ্তমবারের মতো এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে ১২টি দেশের ৬৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবার আয়োজনে ডেনিম শিল্পের স্বচ্ছতাকে মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রেতা ও ভোক্তাদের কাছে পোশাক উৎপাদনের স্থান ও প্রক্রিয়া যথাযথভাবে তুলে ধরার মাধ্যমে সাপ্লাই চেইনে স্বচ্ছতা আনায় গুরুত্ব দিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ডেনিম রফতানিতে দেশের শীর্ষ চার প্রতিষ্ঠান— প্যাসিফিক জিন্স, অনন্ত, বিটপি ও ডেকো এতে অংশ নেবে। উদ্ভাবনী ও টেকসই উৎপাদন প্রক্রিয়া নিয়ে ক্রমাগত প্রচেষ্টা এ চার ব্র্যান্ডকে বাংলাদেশের ডেনিম শিল্পে প্রথম সারিতে প্রতিষ্ঠা পেতে সহায়তা করেছে।

প্রদর্শনীতে ভিন্নধর্মী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত শীর্ষ পণ্য ও এক্সপোর থিমের ওপর ভিত্তি করে তাদের কার্যক্রম প্রদর্শন করবে, যা সম্পূর্ণ ডেনিম সরবরাহকারী চেইনকে প্রতিনিধিত্ব করবে।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মো. মোস্তাফিজ উদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মিলনমেলায় পরিণত করার মাধ্যমে বাংলাদেশকে ডেনিমের একটি আকর্ষণীয় আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করাই এ প্রর্দশনীর অন্যতম লক্ষ্য। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সম্পূর্ণ ডেনিম ভ্যালু চেইনের জন্য আরও বেশি সুযোগ তৈরি এবং ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের মতে, তুলা উৎপাদন থেকে শুরু করে কাপড়ে রঙ দেয়া, সেলাই করা ইত্যাদির পেছনে কার কার ভূমিকা রয়েছে, সে ব্যাপারে পরিষ্কার চিত্র তুলে ধরার অর্থই হচ্ছে স্বচ্ছতা। পোশাক উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যখন স্বচ্ছতার সঙ্গে কাজ করে, তখন তা সাপ্লাই চেইনের মধ্যে ও জনগণের কাছে তাদের উন্মুক্ততা, যোগাযোগ ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ বলে বিবেচিত হয়।

(এম আর / ০৭ নভেম্বর, ২০১৭)