Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 23:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: একটি স্থিতিশীল ও সমৃদ্ধ পুঁজিবাজারের জন্য স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় থাকতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে বাজার উন্নয়নের জন্য নেওয়া পরিকল্পনাগুলোর সমন্বয়ও জরুরী বলে উল্লেখ করেন তারা।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ‘পুঁজিবাজারে সচেতনতার বিভিন্ন দিক’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) সেমিনারটির আয়োজন করে।

সেমিনারের অন্যতম আলোচক ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, একটি কোম্পানিকে শুরু থেকে শেষ পর্যন্ত ৭৬ শতাংশ পর্যন্ত ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স জটিলতা কমিয়ে আনা উচিত।

তবে এই জটিলতা কমাতে হলে রেগুলেটরদের মধ্যে সমন্বয় দরকার বলে মনে করেন তিনি। তার মতে, তাদের সমন্বয়হীনতার কারণে তালিকাভুক্ত কোম্পানির লাইসেন্স বাতিলের মতো ঘটনা ঘটেছে।

সম্প্রতি তিতাসের মুনাফায় ধস, নন-ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ (এক্সপোজার) নানা টালবাহানায় পুঁজিবাজারের বিনিয়োগকারীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন সঠিক সমন্বয় থাকলে তা হতো না বলে উল্লেখ করেন তিনি।

ডিবিএ সভাপতি বলেন, সব স্টেকহোল্ডারকে নিজ নিজ দায়িত্ব নৈতিকতার সাথে পালন করতে হবে। আর তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কীভাবে আরও বেশি প্রণোদনা দেওয়া যায় তা বিবেচনায় নেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।

মূল প্রবন্ধ আলোচনায় আইডিএলসি ফাইন্যান্সের ব্যাবস্থাপনা পরিচালক আরিফ খান পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, উদীয়মান এ বাজারকে এগিয়ে নিতে হলে মহাপরিকল্পনাগুলোতে সঠিক সমন্বয় থাকতে হবে। যাতে দেশের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে পুঁজিবাজারের উন্নতি সাধিত হয়।

কর্পোরেট সুসাশনের কথা উল্লেখ করে তিনি বলেন, কর্পোরেট সুসাশনের অভাবে এখনও ১টি কোম্পানির ৩টি আর্থিক প্রতিবেদন তৈরি হচ্ছে। যা বাজারের জন্য অশনি সংকেত।

তিনি ইস্যু ম্যানেজারদের ভূমিকা নিয়ে বলেন, এখন কিছু কিছু নতুন কোম্পানির বাজারে আসছে; যাদের প্রথম দিনেই ওভার প্রাইসে লেনদেন হচ্ছে। যা পুঁজিবাজারে জন্য নেতিবাচক। এগুলো নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে পর্যবেক্ষনে নিতে হবে।

এসময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, ঘাটে ঘাটে ভ্যাট দিয়ে আসতে হয়। কারণ কোম্পানিগুলো পরে ভ্যাট নাও দিতে পারে এমন ধারনা বাজারে প্রচলতিত আছে। অথচ এটা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, যদি পুঁজিবাজারের উন্নতি হয়; তবে দেশের অর্থনীতির উন্নতি হবে। সেক্ষেত্রে অতো বেশি ট্যাক্স দিতে হবে না।  তাই কর্পোরেট ট্যাক্স হার পুঁজিবাজার বান্ধব হওয়া উচিত বলে মনে করেন তিনি।

প্রাইস ওয়াটার হাউস কপারস বাংলাদেশের ম্যানেজিং পার্টনারর্স মামুন রশিদ বলেন, পুঁজিবাজারে অনেক আইন হয়েছে; তা বাস্তবায়ন হলেই বাজারে স্থিতিশীলতা আসবে।

তিনি বলেন, আইন অমান্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অনেক জরিমানা হয়েছে; তবে তা পরিমাণে কম।  এসব নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরীর সেমিনারের সভাপতিত্ব করেন।

এসময় প্যানেল আলোচক হিসাবে আরও বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক একেএম মাজেদুর রহমান এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।

এসময় তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধি, বিএসইসি কমিশনারসহ পুঁজিবাজারের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৮ নভেম্বর ২০১৭)