
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের শারমিন সুলতানা (২৮) নামে এক গৃহবধূকে এসিড ছুড়ে জ্বলসে দিয়েছে তারই চাচি ফরিদা ইয়াসমিন। ৯ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন ওই গ্রামের মুক্তিযোদ্ধা মৃত সিরাজ উদ্দিনের মেয়ে এবং মাসুদ রানার স্ত্রী।
এসিড দগ্ধ শারমিনকে এসিড দগ্ধ অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিডে ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে শারমিনের সঙ্গে তার চাচা বেদার উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার শালিস দরবারে বসার কথা জানাতে শারমিন বৃহস্পতিবার রাতে তার চাচার বাড়ি যান। সেখানে যাবার পর তার চাচা এবং চাচীর বাক-বিতন্ডার এক পর্যায়ে চাচি ফরিদা ঘর থেকে এসিড এনে শারমিনের শরীরে ছুড়ে মারলে এতে তার সারা শরীর এসিডে ঝলসে যায়। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং তার স্বামী মাসুদ রানাকে খবর দেয়। শারমিনের বাড়ীর লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে দগ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে দ্রুত নিয়ে যাবার পরামর্শ দেন।
শিবপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শারমিনের চিকিৎসায় তাদের বাড়ীর লোকজন তার সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করায় এখনও পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
এ রির্পোট লেখা পর্যন্ত শিবপুর মডেল থানা পুলিশ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করেনি।
(এসএইচআর/এসএএম/ ১১ নভেম্বর ২০১৭)