
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি অর্থ বছরের প্রথম চার মাসে যথারীতি শীর্ষ রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে তৈরি পোশাক। মোট রপ্তানির ৮২ শতাংশ পোশাক খাত থেকে এসেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ৯৪৩ কোটি ৭৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৯৯ শতাংশ বেশি। চলতি অর্থবছরের তিন মাস শেষে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১৩ শতাংশ। তার মানে, চার মাস শেষে এসে প্রবৃদ্ধি দশমিক ১৪ শতাংশ কমে গেছে।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘সেপ্টেম্বর-অক্টোবরে পোশাকের ক্রয়াদেশ সাধারণত কিছুটা কম থাকে। নভেম্বর থেকে ক্রয়াদেশ আবার বাড়তে থাকে। ফলে শিগগিরই পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারা ফিরে আসতে পারে।’
পোশাকের পর পণ্য রপ্তানি আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে চামড়া খাত। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ৪২ কোটি ৮৪ লাখ ডলারের চামড়া ও চামড়া পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে আছে ৫ কোটি ৯৩ লাখ ডলারের চামড়া, ১৭ কোটি ডলারের চামড়া পণ্য ও ২০ কোটি ডলারের চামড়ার জুতা। আলোচ্য সময়ে চামড়া ও চামড়া পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ঋণাত্মক, শূন্য দশমিক ০২ শতাংশ।
পাট ও পাটপণ্য রপ্তানি থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ ৩৪ কোটি ৫০ লাখ ডলারের আয়। এর মধ্যে ৫ কোটি ডলারের কাঁচা পাট, ২২ কোটি ডলারের পাটসুতা এবং ৩ কোটি ৮০ লাখ ডলারের পাটের ব্যাগ রপ্তানি হয়। পাট ও পাটপণ্য রপ্তানিতে চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১৬ দশমিক ৪৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ ছাড়া আলোচ্য সময়ে ২২ কোটি ৬৯ লাখ ডলারের হিমায়িত খাদ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে ২০ কোটি ৩৬ লাখ ডলারের চিংড়ি রপ্তানি হয়।
এ ছাড়া অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ২৬ কোটি ডলারের হোম টেক্সটাইল, ২০ কোটি ডলারের কৃষিজাত পণ্য, ৯ কোটি ৬৩ লাখ ডলারের প্রকৌশল পণ্য, ২ কোটি ৯৭ লাখ ডলারের প্লাস্টিক পণ্য এবং ১ কোটি ৪১ ডলারের আসবাব রপ্তানি হয়েছে।
(এএইচএন/ ০৯ নভেম্বর ২০১৭)