
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) হুইল চেয়ার বাস্কেটবল টিমের সদস্যরা আগামী ১৩-১৯ নভেম্বর নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে আন্তর্জাতিক বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সিআরপির পুরুষ ও নারী বাস্কেটবল সদস্যরা যাতে নির্বিঘ্নে ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা রুটে ভ্রমণ করতে পারেন, সে উদ্দেশে প্রত্যক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
উড়োজাহাজ সংস্থাটি ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা রুটে ৭৬ আসনবিশিষ্ট ড্যাশ৮-কিউ ৪০০ আসনের এয়ারক্রাফট পরিচালনা করে থাকে। কিন্তু সিআরপি বাস্কেটবল সদস্যদের ভ্রমণ স্বাচ্ছন্দ্যময় করার জন্য ১৩ ও ১৯ নভেম্বর ইউএস-বাংলা এয়ারলাইন্স ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফটের পরিবর্তে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট পরিচালনা করবে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের যাত্রা আরামদায়ক করার জন্য সকল ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
ইন্টারন্যাশনাল বাস্কেটবল টুর্নামেন্টে সিআরপি থেকে সর্বমোট ৩০ জন সদস্য অংশ নিতে যাচ্ছেন। এর মধ্যে ১০ জন কর্মকর্তা ও ২০ জন খেলোয়াড়।
(এএইচএন/ ১১ নভেম্বর ২০১৭)