
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ‘বাজেট কাঠামো, আর্থিক প্রতিবেদন ও অডিটিং এ্যাপ্রোচ’ শীর্ষক দুইদিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অর্থ, বাজেট ও অডিট শাখাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য এই কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়সমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য আর্থিক সরকারি নীতিমালা এবং ইউজিসি প্রণীত বিধিবিধানসমূহ যথাযথভাবে পালনের আহবান জানান। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন জরুরি বলেও জানান তিনি।
প্রফেসর শাহ্ নওয়াজ আলি সভাপতির বক্তব্যে বলেন দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে তিনি দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ইউজিসি সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলির সভাপতিত্বে প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. মো. আখতার হোসেন, সদস্য, ইউজিসি এবং ড. মো. খালেদ, সচিব, ইউজিসি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গত ১১ নভেম্বর ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন।
(এম আর / ১২ নভেম্বর, ২০১৭)