Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 03:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আপিল বিভাগ জানিয়েছে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদে নিয়োগ স্থগিতই থাকবে বলে।

সোমবার ব্যাংকের পক্ষে নিয়োগের স্থগিতাদেশ তুলে দেওয়ার আবেদন খারিজ করে দেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন শামীম খালেদ। নিয়োগ প্রার্থীদের পক্ষে ছিলেন কামরুল হক সিদ্দিকী, আব্দুল মতিন খসরু, বিএম ইলিয়াস কচি ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

পরবর্তীতে সাংবাদিকদের ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া জানান, সোনালী ব্যাংকের নিয়োগ নিয়ে ৫৪৩ জন হাইকোর্টে রিট আবেদনের পর গত বছরের ৮ আগস্ট হাইকোর্ট রুল জারি করে নিয়োগের ওপর স্থগিতাদেশ দেন। পরবর্তীতে আপিল বিভাগ ৩২ জনের নিয়োগের বিষয়ে আদেশ দিয়ে রুল নিষ্পত্তি করতে বলেন।

তিনি বলেন, চলতি বছরের ২৭ জুলাই হাইকোর্ট রুল খারিজ করে রায় দেন। হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে ১৩৮ প্রার্থী আবেদন করেন। ৬ সেপ্টেম্বর চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন। ওই স্থগিতাদেশ তুলে দেওয়ার জন্য সোনালী ব্যাংক আপিল বিভাগে আবেদন করেন।

আজ সোনালী ব্যাংকের সে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদে নিয়োগ আপাতত স্থগিত থাকবে।

উল্লেখ্য গত ২০১৪ সালের ২৭ জানুয়ারি সোনালী ব্যাংকের অফিসার (ক্যাশ) ৭২৫, অফিসার পদে ৫৪৭ এবং সিনিয়র অফিসার ৪৩৫ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

(এম আর / ২০ নভেম্বর, ২০১৭)