
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এ বছর ১ হাজার ৮৬২ একর জমিতে কমলা চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৬৩৯ মেট্রিক টন। নানিয়ারচর উপজেলা কমলা চাষ হয়েছে ১৭৫ একরে। আর মধ্যে শুধু সাবেক্ষং গ্রামে ১১১ একর জমিতে কমলা চাষ করা হচ্ছে।
চাষিরা জানান, নানিয়ারচরের সাবেক্ষংয়ের নবর্কাবারি পাড়ায় কমলা মিষ্টি ও আকারে বড় হওয়ায় বাজারে প্রতি জোড়া ৬০ থেকে ৭০ টাকা করে বিক্রি হয়। তবে চাষিরা বাগান থেকে প্রতি জোড়া ৩০ থেকে ৩৫ টাকা করে বিক্রি করছেন। একটি কমলার ওজন ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত।এখন এই এলাকায় ২৫ জনের বেশি কমলাচাষি রয়েছেন এবং তাঁদের বাগানে ১০০ থেকে ৩০০টি পর্যন্ত কমলাগাছ রয়েছে।বিভিন্ন বাগানে গিয়ে দেখা যায়, ১০ থেকে ১৫ ফুট উঁচু গাছগুলো কমলার ভারে নুয়ে পড়ছে। প্রায় সব গাছে বাঁশের ঠেস দিয়ে দেওয়া হয়েছে। নজর কাড়েছ হলুদ রঙের কমলা।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম কমলা চাষের জন্য উপযুক্ত স্থান। তবে মাটি ও আবহাওয়ার ওপর ভিত্তি করে কমলার ফলন, মিষ্টি ও ছোট-বড় হয়।
আগে পাহাড়ে কমলার ফলনে সুনাম ছিল খাগড়াছড়ির সাজেকের। গত কয়েক বছর ধরে নানিয়ারচর উপজেলা কমলা উৎপাদনে বেশ নাম করছে। কমলাগুলো আকারে বড় ও মিষ্টি। চাষিরাও লাভবান হচ্ছেন।
(এম আর / ২০ নভেম্বর, ২০১৭)