Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 11:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কেরানীগঞ্জের পানগাঁওয়ে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের (আইসিটি) পাশে ২৪ একর জমি ভ্রাম্যমাণ ৩০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রকে জমি ইজারা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) পানগাঁওয়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র করতে আমাদের কাছে জায়গা চেয়েছিল। এটা হবে মোবাইল প্ল্যান্ট, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য জায়গাটা তাদের আমরা দিয়েছি। এপিআর এনার্জি নামের একটি কোম্পানি এটি করবে। পানগাঁওয়ে আইসিটির পাশেই এই জায়গা অব্যহৃত অবস্থায় আছে। শিগগিরই আমরা এই জায়গাটা ডেভেলপমেন্ট করব এবং তারা ৫ বছরের জন্য আমাদের এই জায়গাটা লিজ নেবে।’

এতে বাংলাদেশের কী লাভ হবে -জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘এই ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাব। বিদ্যুৎ উপাদনের জন্য এখানে ৫০০ ভ্রাম্যমাণ কন্টেইনার বসবে। এই বিদ্যুৎ আমাদের গ্রিডে যুক্ত হবে।’

(এম আর / ২৩ নভেম্বর, ২০১৭)