Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 21:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩৩৮ রানে শেষ হলো শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শুভাশিস রায়ের বলে সৌম্য সরকারের হাতে ব্যক্তিগত ৩৫ করে সুরঙ্গা লাকমল সাজঘরে ফিরলে শেষ হয় স্বাগতিকদের এ ইনিংস।

কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ২৫০ রানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক রঙ্গনা হেরাথ। এ রানে অষ্টম উইকেটের পতন ঘটলেও লড়াই চলতে থাকে দিনেশ চান্দিমালের।

সুরঙ্গা লাকমলকে নিয়ে দলের রান বাড়িয়ে চলেন তিনি। তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিও। ২৪৪ বলে ১০০ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১৩৮ রানে মেহেদী হাসান মিরাজের বলে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরই সঙ্গে তার মহাকাব্যিক ইনিংসের সমাপ্তি ঘটে। ১০ চার ও ১ ছক্কায় এ ইনিংস খেলেন দলের প্রথম ইনিংসের প্রাণভোমরা।

সঙ্গী হারিয়ে বেশ মারমুখী হয়ে ওঠেন লাকমল। হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। এ অবস্থায় তাকে থামাতে সক্ষম হন শুভাশিস রায়। শেষ পর্যন্ত ৩৩৮ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

(এমআইআর/ ১৬ মার্চ ২০১৭)