Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 07:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে বিপিএলের এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্সকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স। ১৬৮ রানের লক্ষ্যটা ২৮ বল ও ৮ উইকেট হাতে রেখে অনায়াসেই টপকে গেছে তারা। ঝড়ো সেঞ্চুরিতে মাত্র ৫১ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’।

এক গেইলের কাছেই হার মেনে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মাহমুদউল্লাহর দল। ফাইনালের ওঠার মিশনে মাশরাফির রংপুরের পরবর্তী চ্যালেঞ্জ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। প্রতিপক্ষ লিগ পর্বের দুই শীর্ষ টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মধ্যকার প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী।

অল্পের জন্য নিজের রেকর্ড ভেঙে বিপিএলের দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়তে পারেননি গেইল। তিন অঙ্কের ঘরে যেতে ৪৫টি বল খেলেন। ২০১২ সালে মিরপুরেই বরিশাল বার্নর্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে ৪৪ বলে শতক হাঁকিয়েছিলেন।

বিপিএলে এটি গেইলের চতুর্থ শতক। আর কারোরই একাধিক সেঞ্চুরির অর্জন নেই। তার হাত ধরে পঞ্চম আসরে প্রথম সেঞ্চুরি দেখলো দর্শকরা। ৫১ বলের বিস্ফোরক ইনিংসটিতে ছিল ৬টি চার ও ১৪টি ছক্কার মার। ২৩ বলে পূর্ণ করেন ফিফটি। গেইলকে সঙ্গ দিয়ে ৩০ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন।

ওপেনিংয়ে নামা সোহাগ গাজী ১ রানে সাজঘরে ফেরেন। ওয়ানডাউনে রানের খাতা না খুলেই বিদায় নেন ব্রেন্ডন ম্যাককালাম। দু’টি উইকেটই নেন ক্যারিবীয় তরুণ পেসার জোফরা আর্চার। দলীয় ২৫ রানে দুই উইকেট হারালেও ৩৮ বছর বয়সী গেইলের ব্যাট থামাতে পারেননি টাটটান্স বোলাররা। ম্যাচ শেষ করে তবেই মাঠ ছাড়েন তিনি।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা। শেষদিকে দ্রুত রান তুলে লড়াকু স্কোর গড়ে খুলনা। দুই ক্যারিবিয়ান কার্লোস ব্রাথওয়েট ৯ বলে ২৫ ও জোফরা আর্চার ৩ বলে ৬ রান করে অপরাজিত থাকেন।

ইনিংসের চতুর্থ ওভারে নাজমুল হোসেন শান্তকে (১৫) ফিরতি ক্যাচ বানিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন সোহাগ গাজী। ১৩ রান যোগ হতে লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আফিফ হোসেন (১১)।

ঝড়ো ইনিংসের আভাস দিয়ে ফিরে যান টাইটান্স ক্যাপ্টেন। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে লং-অনে সোহাগ গাজীর হাতে ধরা পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ৫৬ রানে আউট হওয়ার আগে ২টি চার ও ২টি ছক্কায় ৬ বলে করেন ২০ রান।

১৭তম ওভারে ফিনিশার আরিফুল হককে (২৯) রবি বোপারার তালুবন্দি করে উদযাপনে মাতেন রুবেল হোসেন। তার পাঁচ ওভার আগে মাইকেল ক্লিনগারের (২১) স্ট্যাম্পে আঘাত হেনে উইকেটের খাতায় নাম লেখান বোপারা। শেষ ওভারে দারুণ স্লোয়ারে নিকোলাস পুরানকে (২২ বলে ২৮) এলবিডব্লুর ফাঁদে ফেলেন মালিঙ্গা।

চার ওভারে ৪৯ রানের খরুচে বোলিংয়ে দু’টি উইকেট পান শ্রীলঙ্কান পেস আইকন মালিঙ্গা। একটি করে নেন সোহাগ গাজী, নাজমুল ইসলাম, রুবেল ও বোপারা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মাশরাফি।

 

(এএইচএন / ০৮ ডিসেম্বর ২০১৭)