Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 05:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ব্রেক্সিট সংকট ও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা নিয়ে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে স্বর্ণের বাজার। গত বুধবার পণ্যটির দাম বেড়েছে।

ফেব্রুয়ারিতে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম বেড়েছে প্রায় দশমিক ২ শতাংশ। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ১ দশমিক ২০ ডলার বেড়ে ১ হাজার ২৬৬ দশমিক ১০ ডলারে লেনদেন হয়। আগের দিন পণ্যটির দাম কমেছিল প্রায় ১ শতাংশ। ওইদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২৬৪ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়, যা গত ৮ আগস্টের পর থেকে সর্বনিম্ন বলে জানিয়েছে ফ্যাক্টসেট ডাটা।

ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এছাড়া ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাজ্য। এতে সংকট আরো ঘনীভূত হয়ে পড়ছে। এসব ভূরাজনৈতিক সংকট স্বর্ণের বাজারে জ্বালানির জোগান দিচ্ছে।

এক বিবৃতিতে অ্যাসেনডো মার্কেটসের বিশেষজ্ঞরা বলেন, ডলারের দুর্বল অবস্থান এবং মধ্যপ্রাচ্য সংকট ও ব্রেক্সিটসহ বিভিন্ন ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় স্বর্ণ প্রত্যাবর্তন করেছে।

এদিকে মার্চে সরবরাহের চুক্তিতে রুপার দাম দশমিক ৭ শতাংশ কমেছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১৫ দশমিক ৯৫৬ ডলারে লেনদেন হয়। মার্চে সরবরাহের চুক্তিতে তামার দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি পাউন্ডপ্রতি ২ দশমিক ৯৬২ ডলারে লেনদেন হয়।

জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ কমেছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৯০২ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়। মার্চে সরবরাহের চুক্তিতে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৯৮৬ দশমিক ৯৫ ডলারে লেনদেন হয়।

 

(এএইচএন / ০৮ ডিসেম্বর ২০১৭)