Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 07:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা দেওয়া হবে। বিশেষ করে থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত আটটার পর বহিরাগতদের প্রবেশ নিষেধ।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না, রাত ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র ছাড়া কোনো বহিরাগত থাকতে পারবেন না।

তিনি বলেন, বনানী-গুলশান-বারিধারা কূটনৈতিক এলাকায় সন্ধ্যার পর থেকে এলাকার বাসিন্দা ছাড়া বহিরাগতরা ঘোরাফেরা করতে পারবেন না, ওদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত সারাদেশের মদের দোকান বন্ধ থাকবে। তবে কেউ চাইলে ঘরোয়াভাবে অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন আরো বলেন, আগামী ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সারাদেশে ব্যাপক নিরাপত্তা দেয়া হবে। রাজধানীর ৭৫টি চার্চে বড়দিন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। চার্চগুলোতে পাঁচ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।

(এমআইআর/ ১৩ ডিসেম্বর ২০১৭)