Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 07:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আসন্ন রিহ্যাব ফেয়ার ২০১৭ তে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টল বরাদ্দ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  রিহ্যাব ফেয়ারে এ বছর ২০২টি স্টল থাকছে।

১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্টল বরাদ্দ সম্পন্ন হয়।

স্টল বরাদ্দ অনুষ্ঠানে রিহ্যাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, রিহ্যাব পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী, মেলা কমিটির কো-চেয়ারম্যান মোঃ আনোয়ারুজ্জামান, রিহ্যাব পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ ওমর ফারুক এবং মেলা কমিটির সদস্য মির্জা আনোয়ার এবং ক্যাপ্টেন মোঃ শাহ আলমসহ রিহ্যাব পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০১৭ অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলায় রিহ্যাব এর সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বেশ কিছু বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি  ২১ ডিসেম্বর সকাল এগারটায় প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ বিপু, এমপি।

রিহ্যাব ফেয়ারে এ বছর প্রথম বারের মত র‌্যাফেল ড্র’তে ১ম পুরস্কার থাকছে একটি প্রাইভেট কার, ২য় পুরস্কার একটি মোটর সাইকেল, এছাড়া টিভি, ফ্রিজ, মোবাইল ফোনসহ থাকছে আরো আকর্ষণীয় পুরস্কার।

মেলার বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আগামী ১৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

(এসএএম/ ১৪ ডিসেম্বর ২০১৭)