Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 07:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কয়েক বছরে ধরে প্রায় সব অনুষ্ঠানেই একই দাবি জানিয়ে আসছেন দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব নেতারা। দাবি পূরণ হয় না। তাই নতুন করে আবারও সেই পুরোনো দাবিগুলোই বারবার তুলে ধরেন সংগঠনটির নেতারা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রিহ্যাবের শীতকালীন আবাসন মেলা।

মেলার বিষয়ে বিস্তারিত জানাতে  রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে রিহ্যাব। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন্নবী চৌধুরী। তাঁর বক্তব্যের একটি বড় অংশজুড়েই ছিল পুরোনো দাবিদাওয়া।

সংবাদ সম্মেলনে সরকারের কাছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের আবাসনের স্বপ্ন পূরণ করতে ২০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল চেয়েছে রিহ্যাব। যাতে করে এক অঙ্কের সুদে আবাসনের জন্য ঋণ পাওয়া যায়। এ ছাড়া ফ্ল্যাটের নিবন্ধন খরচ কমানোর দাবি করেছেন সংগঠনটির নেতারা। তাঁদের বিশ্বাস, নিবন্ধন ব্যয় ১৪ শতাংশ থেকে ৬-৭ শতাংশে নামিয়ে আনলে আবাসন খাতের গতিশীলতা ফিরে আসবে। তবে আবাসন খাতে বিনা শর্তে কালোটাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ-সুবিধা দেওয়ার পুরোনো দাবিটির ব্যাপারে কিছু বলেননি তাঁরা।

রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন্নবী চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ‘কয়েক বছর ধরে নীতিনির্ধারণী কিছু সমস্যার কারণে আবাসন খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অবস্থার সামান্য উন্নতি হলেও সংকট এখনো চলছে। কয়েকটি বেসরকারি ব্যাংক এক অঙ্কের সুদে আবাসন ঋণ দিলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো ঘোষণা আসেনি।’

রিহ্যাবের দাবি কেন পূরণ হচ্ছে না, সমস্যা কোথায়? জানতে চাইলে নুরুন্নবী চৌধুরী বলেন, ‘আবাসন খাতকে চাঙা করতে কয়েক বছর ধরেই কিছু দাবিদাওয়া জানিয়ে আসছে রিহ্যাব। তবে দাবি একেবারেই পূরণ হয়নি তা বলা যাবে না। সরকার থেকে ঘোষণা না এলেও হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন সাড়ে আট শ কোটি টাকার তহবিল গঠন করেছে। তারা এক অঙ্কের সুদে আবাসন ঋণ দিচ্ছে। এ ছাড়া নিবন্ধন ফি কমানোর আশ্বাস মিলেছে। আশা করছি, আসছে বছর ঘোষণা আসবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, পরিচালক কামাল মাহমুদ, শাকিল কামাল চৌধুরী প্রমুখ। এতে জানানো হয়, পাঁচ দিনব্যাপী রিহ্যাবের আবাসন মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এবারের মেলায় ২০৩টি আবাসন, ভবন নির্মাণসামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। ২৪টি প্রতিষ্ঠান মেলায় স্পনসর হয়েছে।

উদ্বোধনের দিন বেলা দুইটায় মেলার প্রবেশদ্বার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে। বাকি দিনগুলোয় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় একবার প্রবেশের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা আর পাঁচবার প্রবেশের জন্য ‘মাল্টিপল টিকিট’ ১০০ টাকায় পাওয়া যাবে। টিকিটের অর্থ দুস্থ ব্যক্তিদের সাহায্যার্থে ব্যয় করা হবে। প্রবেশ টিকিটে র‍্যাফেল ড্র হবে। সেখানে প্রথম পুরস্কার থাকছে একটি প্রাইভেট কার। দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল।

রিহ্যাব ২০০১ সাল থেকে ঢাকায় আবাসন মেলার আয়োজন করছে। এ ছাড়া চট্টগ্রামে ১০টি মেলা করেছে তারা। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্য, দুবাই, ইতালির রোম, কানাডা, অস্ট্রেলিয়ার সিডনি ও কাতারে ১টি করে আবাসন মেলার আয়োজন করেছে রিহ্যাব।

 

(আরআর/এসএএম/ ১৭ ডিসেম্বর ২০১৭)