Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 08:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া তিন মামলায় দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের তিন মালিককে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করার আদেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সুপ্রিমকোর্টের অবকাশকালীন চেম্বার কোর্ট বিচারপতি মো. ইমান আলী রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার ২১ ডিসেম্বর পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় শুল্ক গোয়েন্দার করা পাঁচ মামলার মধ্যে তিন মামলায় গত ১৪ ডিসেম্বর দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের তিন মালিককে জামিন দেয় হাইকোর্ট।

মে মাসের শেষ দিকে আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুম থেকে ১৫ দশমিক ৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার জব্দ করে তা বাংলাদেশ ব্যাংকে পাঠায় শুল্ক গোয়েন্দা। এ বিষয়ে অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করা হয়।

গত ২২ আগস্ট এ তিন আসামী হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন লাভ করেন। এরপর বিচারিক আদালতে হাজিরা না দেয়ায় গত ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরদিন আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। নিম্ন আদালতে জামিন নাকচ হওয়ায় হাইকোর্টে জামিন আবেদন করেন তারা।

(এমআইআর/ ১৮ ডিসেম্বর ২০১৭)