
রংপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: শুরু হয়েছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ। ১৯৩টি ভোটকেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার এই নির্বাচনে ভোট দেবেন। ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৩৫৬ জন এবং নারী এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
ভোটে কাউন্সিলর পদে ২১১ জন, সংরক্ষিত আসনে ৬৫ জন এবং মেয়র পদে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে প্রধান তিন দলের মেয়র প্রার্থী আওয়ামী লীগের সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু (নৌকা), বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা (ধানের শীষ) ও জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফার (লাঙল) মধ্যেই মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বুধবার ১৯৩টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট বাক্স ও ব্যালট পেপার বিতরণ করা হয়েছে। এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, রংপুর পুলিশ লাইন্স মাঠে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, আনসার ভিডিপির কমান্ডার আবদুস ছামাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার জানান, ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।
তিনি আরো জানান, নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রতি তিনটি ওয়ার্ডে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে নির্বাচন উপলক্ষে নগরীতে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। বহিরাগতদের নগরী ছেড়ে চলে যেতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রংপুর নগরীর সব সরকারি-বেসরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আধা সরকারি সংস্থা, সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
(এমআইআর/ ২১ ডিসেম্বর ২০১৭)