Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 22:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন মুক্তিযুদ্ধের ভাস্কর্যে শাড়ি পরিহিত নারীর অবয়ব পরিবর্তন করে দাড়ি-গোঁফ লাগিয়ে দেওয়া হচ্ছে। জেলা পরিষদের অর্থায়নে এটি নির্মিত হলেও বিষয়টি তারা জানে না।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে ৩৭ ফুট উচ্চতা ও ৩০ ফুট প্রশস্ত ভাস্কর্যের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা। ৩১ ডিসেম্বর এর কাজ শেষ হওয়ার কথা। উপজেলার দমিহা গ্রামের ভাস্কর সুষেণ আচার্য্যের বোনের নামে প্রতিষ্ঠিত ‘শম্পা এন্টারপ্রাইজ’ কাজটির ঠিকাদারি পায়। এটি নির্মাণ করছেন সুষেণ আচার্য্য। এতে সুউচ্চ বেদির ওপর দুজন রাইফেলধারী পুরুষ মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকা হাতে একজন নারী মুক্তিযোদ্ধার অবয়ব নির্মাণ করার কথা। এর নিচের দিকে চতুষ্কোণ বেদির দুই পাশে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল আর দুই পাশে সাত বীরশ্রেষ্ঠর ম্যুরাল। কাজ প্রায় সম্পন্নই হয়ে গিয়েছিল। কিন্তু এখন এটির অবয়ব পরিবর্তন করা হচ্ছে।

জেলা পরিষদের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী এ এস এম লুৎফর রহমান বলেন, ভাস্কর্যের অবয়ব পরিবর্তনের বিষয়ে ঠিকাদার বা ভাস্কর তাঁদের কাছ থেকে কোনো অনুমতি নেননি। তাঁরা বিষয়টি জানতেন না। গত বুধবার স্থানীয় লোকদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

ভাস্কর ও ঠিকাদার সুষেণ আচার্য্য বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাঁকে ভাস্কর্যটির অবয়ব পরিবর্তন করতে বলেছেন। তিনি সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অপেক্ষাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চাপের মুখে পরিবর্তন করতেই হচ্ছে। তবে এ বিষয়ে তিনি জেলা পরিষদের কোনো অনুমতি নেননি বলে জানান।

তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক বলেন, ভাস্কর্যটির প্রায় দেড় শ ফুট দূরে একটি মাদ্রাসা ও মসজিদ রয়েছে। প্রায়ই এর সামনে মরদেহের জানাজা পড়ানো হয়। তাই এ নিয়ে এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিদের আপত্তি ছিল। সে জন্য সবার পরামর্শেই ভাস্কর সুষেণকে ভাস্কর্যের নারী অবয়বের মুখ মাদ্রাসা ও মসজিদের দিকে না রেখে বিপরীত দিকে ঘুরিয়ে দিতে বলা হয়েছিল। নারীকে পুরুষ বানাতে বলা হয়নি।

ভাস্কর্যের অবয়ব পরিবর্তনের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখা গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের সমবায় ভবনে মহিলা পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। এতে সংগঠনের সভাপতি মায়া ভৌমিক বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই প্রতিটি ভাস্কর্যে পুরুষের পাশাপাশি নারীদের রাখা হয়। যেমনটি জেলার করিমগঞ্জ উপজেলায়ও করা হয়েছে। তাড়াইলের ভাস্কর্যেও তা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যায়ে এসে নারী ভাস্কর্যকে পুরুষ বানানো হচ্ছে, যা মুক্তিযোদ্ধের চেতনায় আঘাত হানছে। এর প্রতিবাদে আগামীকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি ওই দিন তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন বলে জানান।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ বলেন, মুক্তিযুদ্ধে পুরুষের সঙ্গে নারীদেরও অবদান অবিস্মরণীয়। নারী ভাস্কর্যের অবয়ব পরিবর্তন করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

 

(আরএস/এএইচএন/ ২৩ ডিসেম্বর, ২০১৭)