Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 11:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় ৮ যাত্রী নিহতের ঘটনায় দায়ের মামলায় খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার ৫ নং অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নব বেগম এ পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে চৌদ্দগ্রামের জগমোহনপুরে যাত্রীবাহী একটি নৈশকোচে পেট্রলবোমা মারা হয়। এ ঘটনায় ৮ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরো ২০ যাত্রী।

এই ঘটনায় চৌদ্দগ্রামের সাবেক এমপি এবং জামায়াত নেতা ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি, ৫৬ জনের নাম উল্লেখ এবং আরো ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

একই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকেও হুকুমের আসামি করা হয়।

গত বছরের ৬ মার্চ খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহীম।

ওই মামলায় খালেদা জিয়াসহ যারা আগে জামিন না নিয়ে আজ আদালতে অনুপস্থিত ছিলেন, মূলত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

(এমআইআর/ ০২ জানুয়ারি ২০১৮)