Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 15:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাফ অনুর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশীপের বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, তারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে। তিনি এই সাফল্যকে বাংলাদেশের জন্য বিশাল অর্জন বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সাফ অনুর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টে ভারতকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনা আমাদের মেয়েদের জন্য খুব সহজ ছিল না।

তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরো মনযোগী হতে ছেলে-মেয়েদের প্রতি আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, যারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিজেদেরকে সম্পৃক্ত করেছে, তারা ভাল করেছে। তাদের মনমানসিকতা অনেক বড় হবে এবং তারা কখনো ভুল পথে পা বাড়াবে না।

তিনি ফুটবলকে বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা উল্লেখ করে বলেন, ফুটবলে যথাযথ মনযোগ দিতে হবে।

প্রধানমন্ত্রী ফুটবলের সাথে তাদের পরিবারের সম্পৃক্ততার উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু এবং তার দাদা ফুটবল খেলা পছন্দ করতেন। আর তার বড় ভাই শেখ কামাল দেশের সেরা ক্রীড়া ক্লাব আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন।

শেখ হাসিনা খেলাধুলার উন্নয়নে তার সরকার গৃহীত পদক্ষেপের উল্লেখ করে বলেন, তার সরকার লেখাপড়ার পাশাপাশি সমাজে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে চায়।এ লক্ষ্যে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট চালু করেছেন।

তিনি বলেন, এই টুর্নামেন্ট ফুটবল খেলতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রী পরে কিছু উপহার বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে তুলে দেন।

দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

(এসএএম/ ০৫ জানুয়ারি ২০১৮)