
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশের বাজারে টাটা মোটরসের নতুন গাড়ি ‘টাটা টিয়াগো’ নিয়ে এসেছে নিটল মোটরস লিমিটেড। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল টিয়াগো এএমটি গাড়ির বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহ্মাদ, টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকল বিজনেস ইউনিটের সভাপতি মায়াঙ্ক পারিক, ভারতীয় হাইকমিশনের ডেপুটি কমিশনার আদস হাইকাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকা থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে ডিজিটাল মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া। আর্থিক স্বচ্ছতার কারণে খাদ্য ও বাসস্থানের চাহিদা ছাড়িয়ে এখন মানুষ গাড়ি কেনার প্রয়োজনীয়তা অনুভব করছে। অবকাঠামো উন্নয়নের ফলে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে। টাটা নতুন মডেলের গাড়ি বাজারজাতের মাধ্যমে দেশের মানুষের জন্য ব্যক্তিগত গাড়ি আরো সহজতর করে দিয়েছে। তবে দেশীয় উদ্যোক্তাদের স্থানীয়ভাবে গাড়ি উৎপাদনের পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, নান্দনিক ডিজাইন ও আধুনিক বৈশিষ্ট্যসম্পন্ন টাটা টিয়াগো গাড়িতে ছয়টি রঙে অটোমেটিক গিয়ার, জ্বালানি সাশ্রয় ও রিভোর্টেন প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের বাজারে গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ লাখ ৯০ হাজার টাকা। এতে তিন বছরের কিস্তি সুবিধাও পাওয়া যাবে। অনুষ্ঠানে টিয়াগো মডেলের গাড়িটির বাজারজাত কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি কয়েকজন ক্রেতাকে নতুন গাড়ির চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মায়াঙ্ক পারিক বলেন, টাটা টিয়াগো হবে বছরের সেরা আকর্ষণীয় গাড়ি। এমন একটি যুগোপযোগী গাড়ি বাজারজাত করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। বাংলাদেশের মধ্যবিত্ত গ্রাহকরা সহজেই টাটা টিয়াগো গাড়ি কিনতে পারবেন। কারণ এতে তিন বছরের সহজ কিস্তি (ইএমআই) সুবিধা দেয়া হচ্ছে।
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশের বাজারে টাটা টিয়াগো অনন্যভূমিকা রাখবে। জ্বালানিসাশ্রয়ী ও সুলভে বহুমাত্রিক সুবিধাসংবলিত টাটা টিয়াগো সবার মন জয় করবে। রাইড শেয়ারিং কোম্পানি উবারকে উল্লেখযোগ্যসংখ্যক টাটা টিয়াগো সরবরাহ করা হবে। এ বিষয়ে আলোচনা এরই মধ্যে অনেকদূর এগিয়েছে।
(এএইচএন/ ১৪ জানুয়ারি, ২০১৮)