Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 15:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামী হজ মৌসুমে হজ ফ্লাইট পরিচালনার জন্য চারটি সুপরিসর (ওয়াইড বডি) উড়োজাহাজ লিজ নিতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এয়ারক্রাফট, ক্রু, মেইনটেন্যান্স, ইন্স্যুরেন্স (এসিএমআই) চুক্তির ভিত্তিতে উড়োজাহাজগুলো লিজ নেয়া হবে। লিজকালীন প্রতিটি উড়োজাহাজ দিয়ে কমপক্ষে ৭০০ ব্লক আওয়ার ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, গত হজ মৌসুমে নিজস্ব উড়োজাহাজের পাশাপাশি লিজের উড়োজাহাজেও হজযাত্রী পরিবহন করে বিমান। নিজস্ব উড়োজাহাজে হজ ফ্লাইট চালাতে গিয়ে সে সময় বিভিন্ন আন্তর্জাতিক রুটের ফ্লাইট শিডিউল কাটছাঁট করতে বাধ্য হয় সংস্থাটি। যার বিরূপ প্রভাব পড়ে অগ্রিম টিকিট কিনে রাখা যাত্রীদের মধ্যে। এ ধরনের সংকট থেকে বেরিয়ে আসতে চলতি বছর আগে থেকেই সুপরিসর চারটি উড়োজাহাজ লিজ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমান।

এসিএমআই ভিত্তিতে চারটি সুপরিসর উড়োজাহাজ লিজ নিতে গত ডিসেম্বর মাসে একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির করপোরেট প্ল্যানিং বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবদুর রহমান ফারুকী স্বাক্ষরিত ওই দরপত্রে বলা হয়েছে, আগ্রহী এয়ারলাইনস, অপারেটর, এয়ারক্রাফটের মালিক, এয়ারক্রাফট নির্মাতাসহ সংশ্লিষ্ট কোম্পানিই কেবল এ দরপত্রে অংশ নিতে পারবে।

দরপত্রে উড়োজাহাজের জন্য যেসব শর্ত দেয়া হয়েছে সেগুলো হলো— উড়োজাহাজের আসন সংখ্যা হতে হবে কমপক্ষে ৩০০ এবং কমপক্ষে ৭০০ ব্লক আওয়ার উড্ডয়নের সক্ষমতা থাকতে হবে। ২০১৮ সালের জুলাইয়ে উড়োজাহাজের বয়স ২০ বছরের বেশি হওয়া যাবে না। এসিএমআই অংশীদারসহ উড়োজাহাজ লিজ নেয়া হবে।

১৭ জানুয়ারির মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ই-মেইল ঠিকানায় দরপত্র জমা দিতে হবে। এছাড়া বিমানের প্রধান কার্যালয়ে রক্ষিত দরপত্র বাক্সেও তা জমা দেয়া যাবে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, আগামী হজ মৌসুমে সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনার জন্য চারটি উড়োজাহাজ লিজ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কারণ চলতি বছর বিমান প্রায় ৬৫ হাজার হজযাত্রী পরিবহন করবে। বহরের নিজস্ব উড়োজাহাজ দিয়ে এত বিপুলসংখ্যক হজযাত্রী পরিবহন করতে গেলে নিয়মিত ফ্লাইটে কাটছাঁট করতে হয়। এ কারণে ২০১৮ সালের সার্বিক ফ্লাইট শিডিউল অক্ষুণ্ন রাখতে আগে থেকেই চারটি বড় উড়োজাহাজ লিজ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বিমানের বহরে নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর ও দুটি বোয়িং ৭৩৭-৮০০ আছে। এছাড়া রয়েছে ভাড়ায় নেয়া দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০, একটি এয়ারবাস এ৩৩০ ও দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ। এসব উড়োজাহাজ দিয়ে ১৫টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান।

(এএইচএন/এসএএম/ ১৪ জানুয়ারি, ২০১৮)