
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দুরন্ত সূচনা করেছিলেন যুবারা। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিলেন তারা। কানাডার বিপক্ষে ৬৬ রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল যুব টাইগাররা।
ব্যাট হাতে দুর্দান্ত হাফ সেঞ্চুরির পর বল হাতেও দুর্দান্ত ছিল তরুন তুর্কী আফিফ হাসান ধ্রুব। ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে টাইগারদের জয়ের পথ সহজ করে দেয় এই অফ স্পিনার।
এর আগে প্রথমে ব্যাট করে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরীতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১২২ রান করেন তৌহিদ হৃদয়। এছাড়া মোহাম্মদ নাঈম ৪৭, আফিফ হোসেন ৫০ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে আফিফের বোলিং তোপে পড়ে কানাডা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৩ বলে ১৯৮ রানে অল আউট হয় কানাডা দল। টাইগারদের বিপক্ষে আফিফের ৫ উইকেটের সাথে মাহমুদ হাসান ২টি ও সাইফ, রবিউল ও কাজী অনিক একটি করে উইকেট নেন।
ব্যাট হাতে ৫০ রান ও বল হাতে ৫ উইকেট তুলে নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আফিফ হাসান ধ্রুব।
(আরআর/১৫ জানুয়ারী ২০১৮)