Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 14:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেয়ার কারণে সংসদীয় আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিভক্ত আদেশ দিয়েছে আজ হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বিষয়টি নিয়ে রুল জারি করলেও অপর বিচারপতি রিট খারিজ করে আদেশ দেয়। আইনজীবীরা জানায়, এখন নিয়ম অনুসারে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য একক বেঞ্চে পাঠাবেন।

গত বছরের এপ্রিল সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদনটি করেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’

রিটে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিবকে রেসপনডেন্ট করা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

(এমআইআর/ ১৫ জানুয়ারি ২০১৮)