Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 16:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আন্তর্জাতিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশে পেপল সেবা চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সোনালী ব্যাংকে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে আজ সোমবার এ অনুমোদন দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের রেমিটেন্স ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নওয়াব হোসেন বলেন, পেপল সেবা চালুর জন্য আমরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেয়েছি। এখন পেপলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপর দেশে শিগগির এ সেবা চালু করা হবে।

তিনি জানান, ইতোমধ্যে পেপলের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এখন সফটওয়্যারের উন্নয়ন এবং সমন্বয়ের জন্য পেপলের সঙ্গে কাজ করা হবে। এর জন্য আমরা অনেক বেশি সময় নষ্ট করবো না। দেশবাসী খুব শিগগির সুসংবাদ পাবেন।

পেপলের সাহায্যে ইলেক্ট্রনিক ডিভাইসের সাহায্যে বিশ্বব্যাপী ফান্ড ও রেমিটেন্স ট্রান্সফার করতে পারবেন এর সেবাগ্রহীতারা। ব্যবসায়িক কার্যক্রমেও কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হবে না।

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিলেন, ক্যালিফোর্নিয়াতে পেপলের ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করা হয়েছে। বাংলাদেশে তাদের সেবা চালুর জন্য সরকারের নীতি এবং নিয়ন্ত্রক সংস্থার অবস্থান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, চলতি প্রান্তিকে বাংলাদেশে সেবা শুরু করতে সম্মত হয়েছে পেপল কর্তৃপক্ষ। দেশে এ সেবা চালু করতে তাদেরকে সহায়তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। আশা করছি, খুব শিগগির বাংলাদেশে সেবা দেওয়া শুরু করবে পেপল।

 

(ইউএম/ ২০ মার্চ ২০১৭)