
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রাইম ব্যাংক লিমিটেড এর নেতৃত্বে নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুকূলে ৩৫২ কোটি টাকার একটি সিন্ডিকেটেড ঋণ চুক্তি চুক্তি সই হয়েছে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই হয়।
টাঙ্গাইল জেলার দেলদুয়ারের দুবাইলে মোট ৬৬৩ কোটি টাকা ব্যয়ে নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি নতুন ফ্লোট গ্লাস প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাইম ব্যাংক ছাড়াও আরও ৭টি ব্যাংক এ সিন্ডিকেশনে অর্থায়ন করছে।
ব্যাংকগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
চুক্তি সই অনুষ্ঠানে প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ কামাল খান চৌধুরী, ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলি, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ, যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম হাফিজ আহমেদ, ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঋণ চুক্তি সই করেন এবং বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পরিচালক নাসিম বিশ্বাস ও নাসিমা বিশ্বাস এবং শেয়ার হোল্ডারবৃন্দ,নাসির গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক এর উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও রাহেল আহমেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাইম ব্যাংক-এর ষ্ট্রাকচারড ফাইন্যান্স বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শামস আব্দুল্লাহ মোহাইমীন।
উল্লেখ্য, প্রাইম ব্যাংক লি. ১৯৯৯ সালে প্রথম সিন্ডিকেটেড ঋণ চুক্তি সম্পাদনের মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে সিন্ডিকেশন মার্কেটে প্রাইম ব্যাংক অন্যতম লীড ব্যাংক। সিন্ডিকেশন মার্কেটে মাইলস্টোন স্থাপনের পাশাপাশি উল্লেখযোগ্য সেক্টরে সিন্ডিকেশন ঋণ আয়োজনের মাধ্যমে প্রাইম ব্যাংক তার দৃষ্টান্ত রেখে চলেছে। সেক্টরগুলোর মধ্যে রয়েছে: গ্লাস ম্যানুফ্যাকচারিং, ফার্মাসিউটিক্যালস্, সিরামিকস, টুরিজ্যম, টেক্সটাইল ইন্ডাষ্ট্রি, কেমিক্যাল, মাইক্রো ক্রেডিট এন্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স, ইনফ্রাসট্রাকচার ডেভলপমেন্ট, টেলিকম ইত্যাদি।
(এসএএম/ ২১ মার্চ ২০১৭)