Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 21:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৪ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে বাহারি খেলনা, ফুল ও গৃহস্থালি সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে বেস্ট বাই। প্যাভিলিয়নটি থেকে পণ্য কিনলে ক্রেতারা ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন।

প্যাভিলিয়নটির ইনচার্জ মো. শোহেব আহমেদ বলেন, মেলার প্রথমদিকে আমরা ক্রেতাদের ১০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় দিয়েছি। এখন কিছু কিছু পণ্যে ছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে। ক্রেতারা এখন নির্দিষ্ট পণ্যে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন।

‘এছাড়া মেলার শুরুতে আমাদের প্যাভিলিয়নে ছিল গৃহস্থালি সামগ্রী এবং বিভিন্ন ধরনের খেলনা। এখন আমরা প্যাভিলিয়নের ভেতরে ফ্লাওয়ার জোন করেছি। সেখান থেকে ক্রেতারা পছন্দ মতো ফুল কিনতে পারবেন। ফুলের একটি স্টিকের পাশাপাশি তোড়াও কেনা যাবে’- বলেন শোহেব আহমেদ।

তিনি আরও বলেন, আমাদের সব ফুল বিদেশ থেকে আমদানি করা। এসব ফুলের ওপরে ক্রেতাদের ১০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। আগ্রহীরা ১২৫ টাকা থেকে ২৭০ টাকা দিয়ে বাহারি ফুলের স্টিক কিনতে পারবেন। ফুলের তোড়া পাওয়া যাবে ৩২৫ টাকায়।

৫৫ শতাংশ ছাড়ের বিষয়ে তিনি বলেন, ফ্লাক্স, ব্লেন্ডার, আয়রন, মাল্টি কুকার এবং সেভ করার রেজারের ওপর এ ছাড় দেয়া হচ্ছে। এছাড়া আলফা স্টিলো হটপটের ওপর ক্রেতাদের ৪০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।

‘আগে মেলামাইনের পণ্য ক্রেতাদের ১০ শতাংশ ছাড়ে দেয়া হয়েছে। এখন সেটি বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। যে কোনো মেলামাইনের পণ্য কিনলে ক্রেতারা এ ছাড় পাবেন। মেলামাইন সামগ্রীর মধ্যে আছে প্লেট, গ্লাস, বাটি, ডিনার সেট ও বোল।

প্যাভিলিয়নটিতে রয়েছে শিশুদের বাহারি খেলনা সামগ্রী। খেলনা গাড়ি, পুতুল, বেবি ডাক, হাত দিয়ে ঠেলা গাড়িসহ

শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা। এসব খেলনা কিনলে ক্রেতাদের ১০ শতাংশ নগদ ছাড় দেয়া হচ্ছে।

প্যাভিলিয়নটিতে রয়েছে ফার্নিচারও। মেলা থেকে এসব ফার্নিচার কিনলে ১০ শতাংশ নগদ ছাড়ের পাশাপাশি ঢাকার ভেতরে ফ্রি হোম ডেলিভারিও দেয়া হচ্ছে। ফার্নিচারের মধ্যে আছে ওয়্যারড্রব, চেয়ার ও টেবিল।

শোহেব বলেন, মেলায় আগত ক্রেতারা আমাদের খেলনাগুলো খুবই পছন্দ করছেন। ২০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের খেলনা গাড়ি। পুতুল আছে ৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে। ২৫ পিসের এক ব্যাগ বেবিডাক বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। রয়েছে হাত দিয়ে ঠেলা গাড়িও। ১৭৫ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে এসব ঠেলা গাড়ি কেনা যাবে।

সার্বিক বিক্রি পরিস্থিতি সম্পর্কে শোহেব আহমেদ বলেন, বেশ ভালো বিক্রি হচ্ছে। প্রথম থেকেই আমরা ক্রেতা-দর্শনার্থীদের যথেষ্ট সাড়া পাচ্ছি। শেষ সময়ে এসে ক্রেতাদের ভিড় আরো বেড়েছে।

(এসএএম/ ৩১ জানুয়ারি ২০১৮)