
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অবদানের জন্য ইন্টারন্যাশনাল ট্রফি ফর কোয়ালিটি পুরস্কার পেয়েছে দেশের অন্যতম বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)।
আন্তর্জাতিক ব্যবসা সংগঠন গ্লোবাল ট্রেড লিডারস ক্লাব ইউসিবিএলকে এ পুরস্কারে ভূষিত করেছে।
স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) ফ্রান্সের প্যারিসে হোটেল লা মেরিডিয়াল এটয়েলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলীর হাতে এ পুরস্কার তুলে দেন গ্লোবাল ট্রেড লিডারস ক্লাবের সেক্রেটারি জেনারেল রিকার্ডো রসে লোপেয।
এ সময় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইউসিবিএল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সম্পদের গুণগতমান, মুনাফা, কৌশলগত সম্পর্ক, গ্রাহক সেবা, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ ও উদ্ভাবনী পণ্য বিশ্লেষণ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অবদান রাখায় এ পুরস্কার দেয়া হয়েছে।
স্বনামধন্য আন্তর্জাতিক ব্যবসা সংগঠন গ্লোবাল ট্রেড লিডারস ক্লাবের প্রায় ৯৫টি দেশে উৎপাদন ও সেবা খাত সংশ্লিষ্ট ৭৫০০ সদস্য রয়েছে।
সংগঠনের প্রধান উদ্দেশ্য বিশ্বব্যাপী ব্যবসায়িক সম্প্রদায়ের মাঝে বাণিজ্য বিনিময় ও সম্পর্ক দৃঢ় করা।
(ইউএম/ ২১ মার্চ ২০১৭)