Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 21:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ৯ উইকেট হারিয়ে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যেখানে লিড দাঁড়িয়েছে বরাবর ২০০ রান। ইতোমধ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে তাইজুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে বিদায় নেন তিনি। আউট হওয়ার আগে ১৮৫ বলে ৩টি চারের সাহায্যে ৮৭ রান করেন চান্দিমাল। আর নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন তাইজুল।

মেহেদি হাসান মিরাজের তৃতীয় শিকারে মাঠ ছাড়েন নিরোশান ডিকভেলা। ৬১ বলে ৯টি চারের সাহায্যে ৬২ রান করে উইকেটরক্ষক লিটন দাশকে ক্যাচ দেন তিনি।

ক্যারিয়ারের প্রথম উইকেটটি পেতে বেশ কষ্টই করতে হলো সানজামুল ইসলামকে। বিধাতা হয়ত চাননি যে অভিষেক ম্যাচে ১৫০ রান দিয়ে কোন উইকেট না পাওয়ার রেকর্ডটি সানজামুলের হোক। অবশেষে ১৪৪ রানের বিনিময়ে অভিষেকে প্রথম উইকেট নিয়ে লজ্জার রেকর্ড থেকে বাঁচলেন এ বাঁহাতি স্পিনার। ৩২ রানে থাকা দিলরুয়ান পেরেরাকে এলবিডব্লিওয়ের ফাঁদে ফেলেন তিনি। এর আগে ২০১৫ সালে দুবাই টেস্টে পাকিস্তানের বিপক্ষে অভিষেকে ১৬৩ রান দিয়ে কোনো উইকেট না পাওয়া ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ সেই বাজে রেকর্ডের মালিক।

দ্বিতীয় সেশন থেকে ফিরেই ৯ রানে ক্রিজে থাকা সুরাঙ্গা লাকমালকে বোল্ড করেন তাইজুল ইসলাম। পরের ওভারে ২৪ রানে থাকা রঙ্গনা হেরাথকেও এলবিডব্লিওয়ের ফাঁদে ফেলে বাঁহাতি এ স্পিনার নেন ব্যক্তিগত চতুর্থ উইকেট।

প্রথম সেশনেও ব্যাকফুটে স্বাগতিকরা

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ দল দারুণ ব্যাটিং করে ৫১৩ রান করেও আজ টেস্টের চতুর্থ দিনেও বোলারদের ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়া পর্যন্ত ৯৯ রানের লিড নিয়েছে সফরকারীরা। হাতে রয়েছে আরও ৬ উইকেট।

চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ১৬৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬১২ রান করেছে শ্রীলঙ্কা। এই সেশনে সফরকারীরা দলীয় সংগ্রহে যোগ করেছেন আরও ১০৮ রান। ব্যাটিংয়ে অপরাজিত আছেন দিনেশ চান্দিমাল ৮৭ রানে ও নিরোশান ডিকভেলা ২৯ রানে। সেশনের একমাত্র রোশেন সিলভার উইকেটটি পান মেহেদি হাসান মিরাজ।

আগের দিনে ৮৭ রানে অপরাজিত ব্যাটসম্যান রোশেন সিলভা আজ তুলে নেন তার ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি। ২৩০ বলে ৬টি চার ও একটি ছয়ে ১০৯ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান মেহেদি হাসান মিরাজ। লিটন দাশের ক্যাচে পরিণত করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এ স্পিনার। ভাঙেন চতুর্থ উইকেট জুটির ১৩৫ রানের পার্টনারশিপ।

তৃতীয় দিনে লংকান দুই টপঅর্ডার ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা তাদের ক্যারিয়ার সেরা ব্যক্তিগত ইনিংস খেলেন। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে বিদায় নেন মেন্ডিস। আর ১৭৩ রান করেন ডি সিলভা।

গতকাল স্বাগতিক বোলারদের এই দুটি সাফল্যই ছিল। কেননা পরের দুই ব্যাটসম্যান রোশেন সিলভা ও অধিনায়ক দিনেশ চান্দিমাল অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অধিনায়ক চান্দিমাল অপরাজিত ছিলেন ৩৭ রানে।

লঙ্কান ব্যাটিং দৃঢ়তায় কিছুটা ঢাকা পড়ে যায় প্রথম ইনিংসে বাংলাদেশের কীর্তি। স্বাগতিকদরে হয়ে মুমিনুল হক খেলেছিলেন ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস।

(এম এস/ ০৩ ফেব্রুয়ারি ২০১৮)