Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 04:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সিরিয়া থেকে তুরস্কে ১২ দিনে ৮২টি রকেট হামলা চালিয়েছে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিওয়াইডি বা পিকেকে। এ হামলায় এ পর্যন্ত পাঁচ বেসামরিক তুর্কি নাগরিক নিহত হয়েছেন। ২০ জানুয়ারি সিরিয়ার আফরিন ছিটমহলে বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান শুরুর পর থেকে এসব রকেট নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম। খবর তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু।

শুক্রবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে তুরস্কের প্রধানমন্ত্রী জানান, ১২ দিনে কুর্দি বিদ্রোহীদের নিক্ষেপ করা রকেটের আঘাতে পাঁচ বেসামরিক তুর্কি নাগরিক নিহত হয়েছেন। তুরস্কের সীমান্তবর্তী রেহানলি, হাতায় এবং কিলিস প্রদেশে এসব রকেট হামলা চালানো হয়।

বিনালি ইয়েলদ্রিম আরও বলেন, রকেট হামলার পাঁচ তুর্কি নাগরিক নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন আরও শতাধিক নাগরিক। এর বাইরে বিভিন্ন ভবন ও মসজিদে রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে তাদের সুড়ঙ্গ ও অবস্থানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের পুরোপুরি উৎখাত করা হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান শুরু থেকেই বলে আসছেন, অপারেশন অলিভ ব্রাঞ্চের লক্ষ্য হচ্ছে তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য সিরিয়ার আফরিন ছিটমহল থেকে সন্ত্রাসী উপাদানগুলোকে উৎখাত করা। আন্তর্জাতিক আইন মেনেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার তুরস্কের রয়েছে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

 

(এম এস/ ০৩ ফেব্রুয়ারি ২০১৮)